৪০ বছর পর ভারতের এই জঙ্গলে পা রাখলেন পর্যটকেরা, দেখবেন বাঘ থেকে অন্য অনেক প্রাণি
৪০ বছর ধরে এ জঙ্গলে প্রবেশ করতে পারেননি সাধারণ মানুষ। সেই জঙ্গল ফের খুলল। ৪ দশক পর এ জঙ্গলে ঘুরে বাঘ দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।
৪০ বছর কম কথা নয়। সেই ৪০টা বছর দেশের এই বিশাল জঙ্গলে সাধারণ মানুষের পা পড়েনি। সাধারণের প্রবেশ ছিল নিষিদ্ধ। অথচ এই জঙ্গল বাঘ থেকে লেপার্ড, হরিণ এবং আরও নানা জন্তুজানোয়ারের আবাস স্থল। সেটি একটি অভয়ারণ্যও।
কিন্তু সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারতেন না। সাফারি তো হতই না। ৪০ বছর পর সেই নিষেধাজ্ঞা উঠে গেল। মাওবাদীদের জন্য এ জঙ্গলে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।
এখন সেই সমস্যা সেভাবে না থাকায় এই জঙ্গলটি খুলে গেল। তবে প্রথমেই পুরোটা খোলা হয়নি। আংশিক খোলা হয়েছে সাধারণের সাফারির জন্য।
ছত্তিসগড়ের বস্তারের ইন্দ্রাবতী রিজার্ভ ফরেস্ট ২ হাজার ৮০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক অভয়ারণ্য। সেই জঙ্গল খুলে যাওয়ার পর তার বাফার এরিয়া স্থির হয়েছে। ৩৩ কিলোমিটার জুড়ে রয়েছে বাফার এরিয়া। যেখানে সাফারির পরিকল্পনা করা হয়েছে।
তবে এখনই পুরো জায়গা জুড়ে সাফারি হচ্ছেনা। তারমধ্যে উল্লুর গ্রাম থেকে দন্ডপারতি পর্যন্ত ৯ কিলোমিটার এলাকায় আপাতত শুরু হয়েছে সাফারি। স্থানীয়দেরই গাইড ও গাড়ি চালক হিসাবে নিযুক্ত করা হয়েছে।
১ নভেম্বর থেকে সাধারণের জন্য খুলে যাওয়ায় এই জঙ্গলে এবার পর্যটকদের আনাগোনা বাড়তে থাকবে। যা স্থানীয়দেরও আর্থিক সঙ্গতি বৃদ্ধির পক্ষে উপযোগী হবে। অন্যদিকে পর্যটকেরা দেশের আরও একটি জঙ্গলে সাফারির সুযোগ পাবেন।











