মন্দির থেকে উধাও ১০ বছর আগে পুকুর থেকে উদ্ধার হওয়া প্রাচীন বিষ্ণুমূর্তি
এক দুর্লভ বিষ্ণুমূর্তি উধাও হয়ে গেল মন্দির থেকে। মন্দিরের কাছের একটি পুকুর থেকে পাওয়া গিয়েছিল মূর্তিটি। সঙ্গে উধাও আরও ২টি প্রাচীন মূর্তি।
২০১৬ সালে মন্দিরের কাছেই থাকা একটি পুকুর থেকে পাওয়া যায় একটি বিষ্ণুমূর্তি। যা উদ্ধারের পর তা রাখা হয় মন্দিরেই। ভালভাবে পরীক্ষাও করা হয়। বিশেষজ্ঞেরা মূর্তিটি পরীক্ষা করার পর জানান, এই মূর্তির বয়স প্রায় দেড় হাজার বছর।
এটি গুপ্ত যুগের একটি বিষ্ণুমূর্তি বলেও জানান তাঁরা। এমন এক বিষ্ণুমূর্তি প্রথমবার বিহারের কোনও জায়গা থেকে উদ্ধার হয়। বিহারের মধুবনীর মুক্তেশ্বর মহাদেব মন্দিরের কাছের পুকুর থেকে উদ্ধার সেই দুর্লভ মূর্তি ১০ বছর পর উধাও হয়ে গেল।
শুধু ১টি মূর্তি নয়, তার সঙ্গে ১২ বা ১৩ শতকের ২টি প্রাচীন মূর্তিও উধাও হয়েছে। যার একটি মহিষাসুরমর্দিনী মা দুর্গার মূর্তি। সে সময় মিথিলায় শাসন করত কারনাত রাজবংশ। সেই সময় এই মূর্তিটি তৈরি করা হয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সেটিও পরবর্তীকালে মন্দিরের কাছ থেকেই উদ্ধার হয়েছিল।
এছাড়া একটি বিষ্ণুর চরণের মূর্তিও উধাও হয়েছে। কে বা কারা এই মূর্তি উধাও করল বা কীভাবে এই ৩টি মূর্তি উধাও হয়ে গেল তা তদন্ত সাপেক্ষ। এ বিষয়ে খোঁজও শুরু হয়েছে।
ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ এই বিরল বিষ্ণুমূর্তি উধাও হয়ে যাওয়ার তদন্তের দাবি জানায়। এমন মূর্তি দেশের সম্পদ। তা ফিরে পেতে চেষ্টা শুরু হয়েছে।











