National

বাড়ি ভাড়া না দেওয়া পলাতক ভাড়াটের দরজা ভেঙে উদ্ধার ৩৭ লক্ষের জাল নোট

গত জানুয়ারি মাস থেকে বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিল এক ভাড়াটে। বাড়িওয়ালা পুলিশে যাওয়ায় ঘরে তালা দিয়ে পালিয়েও যায়। সেই ঘরের তালা ভেঙে তাজ্জব বাড়িওয়ালা।

দেড় বছর ধরে সেখানে ভাড়া থাকছিল এক ব্যক্তি। কিন্তু গত জানুয়ারি মাসে তার সঙ্গে বাড়িওয়ালার চুক্তি শেষ হয়। তারপরও সেই ঘরেই ছিল সে। বাড়িওয়ালা বার বার ভাড়া চাইলেও সে দিতে চায়নি।

বাড়িওয়ালার অভিযোগ একসময় ভাড়ার জন্য চাপ দিলে ছুরি দেখিয়ে ভয়ও দেখায় পুষ্পক কৃষ্ণ ভাণ্ডারকর নামে ওই ব্যক্তি। বাড়িওয়ালা পুলিশের দ্বারস্থ হন। তারপর থেকেই ঘরে তালা লাগিয়ে পলাতক পুষ্পক। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। নাগপুরের খারবি এলাকার ওই ঘরে ভাড়া থাকত পুষ্পক।

অনেকদিন ধরেই পুষ্পক ওই ঘরে ফেরেনি। ঘর তালাবন্ধ অবস্থাতেই পড়ে ছিল। একটা সময় অপেক্ষার পর অবশেষে সেই তালা ভেঙে ঘরে ঢোকেন বাড়িওয়ালা। ঘরে ঢুকে আঁতকে ওঠেন তিনি। দেখেন ঘরময় পড়ে আছে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট। আরও নানা জিনিস।

দ্রুত তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই ঘর থেকে একটি টাকা ছাপানোর মেশিন, বেশ কিছু অর্ধেক ছাপা নোট, জাল নোট ছাপানোর অন্যান্য সরঞ্জাম, কাগজ এবং আরও কিছু দামি জিনিস উদ্ধার করে।

নোটের বান্ডিল গুনতে মেশিন আনা হয়। দেখা যায় ৩৭ লক্ষ টাকার জাল নোট রয়েছে সেখানে। সবই ৫০০ টাকার বান্ডিলে। এই ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত পুষ্পক কৃষ্ণ ভাণ্ডারকর পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

Show Full Article