National

গঙ্গার ওপর ডানা মেলল ভারতের আকাশশক্তি, গঙ্গাপারে উপচে পড়ল ভিড়

নিচ দিয়ে বয়ে যাচ্ছে পুণ্যতোয়া গঙ্গা। আর পবিত্র সেই জলধারার ঠিক মাথার ওপর উড়ছে ভারতের আকাশশক্তি। সেই বিরল দৃশ্য দেখতে হাজির হলেন বহু মানুষ।

গঙ্গা বয়ে চলেছে নিজের ছন্দে। একধারে বালির প্রসারিত জনহীন তট। অন্য পারে অগুন্তি মন্দির। সারিবদ্ধ নানা নামের ঘাট। মানুষের বাড়ি। প্রাচীন অট্টালিকা। এ শহর দেশের অন্যতম প্রাচীন শহর বলেই খ্যাত। খ্যাত বাবা বিশ্বনাথের শহর বলে।

সেই বারাণসীর ধার দিয়ে বয়ে যাওয়া গঙ্গার ঠিক ওপর নীল আকাশে এদিন ডানা মেলল ভারতের আকাশশক্তি। যা দেশের সুরক্ষাকে মজবুত করে দেশবাসীকে নিশ্চিন্ত করছে।

গঙ্গার উপরের আকাশে সেই আকাশশক্তির চোখ ধাঁধানো প্রদর্শনীর সাক্ষী হলেন হাজার হাজার মানুষ। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অনেকে।

ভারতীয় বায়ুসেনার ৯৪ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উইংগস ওভার গ্যাঞ্জেস নামে এই প্রদর্শনীতে গঙ্গার উপর দিয়ে উড়ল সুখোই যুদ্ধবিমান, রাফাল যুদ্ধবিমান, তেজস যুদ্ধবিমান, মিরাজ যুদ্ধবিমান। তাদের গর্জন আর চোখ ধাঁধানো উড়ান দেখার বিরল সুযোগ পেলেন বারাণসীবাসী।

শুধু যুদ্ধবিমানই নয়, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার প্রচণ্ডকে দেখা যায় গঙ্গার উপরে। আকাশেই ওঙ্কার আকার নিয়ে সকলকে অবাক করে দেয় এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার। ৩টি এমন হেলিকপ্টার ভারতের জাতীয় পতাকা এবং ভারতীয় বায়ুসেনার পতাকা বহন করছিল।

নানা যুদ্ধবিমানের কসরতে কখনও নটরাজ, কখনও বিশ্বনাথ, কখনও মহাদেব সৃজনে ভরে ওঠে আকাশ। এছাড়া এলসিএইচ এবং অ্যাপাচে হেলিকপ্টার ভাগীরথী ডায়মন্ড সৃজনে সাজিয়ে তোলে নীলাকাশ।

এই প্রদর্শনীতে কসরত দেখায় ভারতীয় নৌসেনার হেলিকপ্টার কামোভ-৩১। আকাশ জুড়ে নানা যুদ্ধবিমান ও সেনা হেলিকপ্টারের কসরত দেখার এমন সুযোগ হাতছাড়া করেননি অনেক বারাণসীবাসী। গঙ্গার ধারে তাই এদিন তিল ধারণের জায়গাও ছিলনা। নমো ঘাটে ছিল উপচে পড়া ভিড়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article