World

সমুদ্রের তলায় লুকিয়ে কয়েক হাজার বছর পুরনো ইতিহাস, দেখে অবাক গবেষকেরা

হাজার হাজার বছর ধরে জলের নিচে চাপা পড়েছিল এক অজানা ইতিহাস। সম্প্রতি তারই কিছু চিহ্ন নতুন করে অবাক করেছে গবেষকদের।

কয়েক হাজার বছর আগে পণ্য নিয়ে ভেসে চলেছিল একটি জাহাজ। কিন্তু কোনও এক সময়ে সেটি ডুবে যায়। তারপর ৪৭০০ বছর ধরে সমুদ্রের তলায় চাপা পড়ে থাকে তার ইতিহাস।

তুরস্কের দক্ষিণ উপকূলে কেকোভা দ্বীপের কাছে প্রায় ৩০ মিটার জলের নিচে সেই প্রাচীন জাহাজডুবির নিদর্শন নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন প্রত্নতাত্ত্বিকেরা। তাঁদের অনুমান জাহাজটি ৪৪০০ থেকে ৪৭০০ বছর পুরনো। অর্থাৎ ব্রোঞ্জ যুগের প্রথম দিককার জাহাজ সেটি।

স্বাভাবিকভাবেই জাহাজটির কাঠের কাঠামো আর অবশিষ্ট নেই। অথচ সমুদ্রের তলায় ছড়িয়ে রয়েছে ৩০টির বেশি মাটির পাত্র এবং ৩টি পাথরের নোঙর। পাত্রগুলির গঠন পরীক্ষা করে গবেষকেরা মনে করছেন সেগুলির কয়েকটি তৈরি হয়েছিল জর্ডন উপত্যকার অঞ্চলে। সম্ভবত জলপাইয়ের তেল কিংবা পানীয় নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি করে।

তবে ১টি পাত্র ঘিরে রহস্য আরও গভীর। তার গায়ে রয়েছে বিশেষ চিহ্ন এবং ২টি ছিদ্র। গবেষকদের ধারনা সেটি হয়তো দুধ থেকে মাখন বা পনির তৈরির কাজে ব্যবহৃত হত। তাহলে কি জাহাজে খাবার তৈরির ব্যবস্থাও ছিল? নাবিকরা কি সঙ্গে দুধের জন্য ছাগলও রাখতেন? আপাতত এগুলি সম্ভাবনাই।

মিশর, ট্রয় এবং ক্রিটে পাওয়া একই ধরনের পাত্র প্রাচীন সমুদ্রবাণিজ্যের যোগাযোগের ইঙ্গিত দিচ্ছে। গবেষকদের মতে এটি বিশ্বের প্রাচীনতম পরিচিত জাহাজডুবির নিদর্শনও হতে পারে।

তবে গোটা জাহাজ উদ্ধার হয়নি। স্থানটি কয়েক বছর আগেই সনাক্ত হয়েছিল। সম্প্রতি নতুন করে তুরস্কের সরকারি ঘোষণায় সামনে এসেছে এই আবিষ্কারের গুরুত্ব। প্রায় ৫ হাজার বছর আগের বাণিজ্যপথ ও নাবিকদের জীবনযাত্রা বোঝার নতুন দরজা খুলে দিতে পারে এই নিদর্শন।

Show Full Article