World

সমুদ্রের নিচে লুকিয়ে ছিল এক অন্য পৃথিবী, সামনে এল অজানা কথা

হাজার হাজার বছর আগের এক হারিয়ে যাওয়া পৃথিবীর সন্ধান মিলল। নতুন এই আবিষ্কার অতীতের অনেক অজানা কথা সামনে আনছে।

আজ যেখানে শুধু নীল সমুদ্রের ঢেউ সেখানে একসময় ছিল শুকনো জমি। বইত নদী। মিলত মিষ্টি জল। সেই জমিতে মানুষের আনাগোনার চিহ্ন রয়ে গেছে হাজার হাজার বছর পরেও। অবাক করা এমনই সন্ধান মিলেছে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে।

অস্ট্রেলিয়ার মুরুজুগা অঞ্চলের সমুদ্রের তলায় ২টি প্রাচীন প্রত্নস্থল সনাক্ত করেছেন গবেষকেরা। জলের নিচে পাওয়া গেছে মানুষের তৈরি পাথরের সরঞ্জাম। কিন্তু এই আবিষ্কারের সবচেয়ে আকর্ষণীয় দিক শুধু সরঞ্জাম নয়, সেগুলি যেখানে পাওয়া গেছে সেই জায়গার অতীতের ভূগোল।

গবেষণায় দেখা যাচ্ছে একটি প্রত্নস্থল ছিল প্রাচীন মিষ্টি জলের উৎসের কাছে। অন্যটি ছিল এমন এক উঁচু জমিতে যার পাশ দিয়ে একসময় নদী বয়ে যেত। অর্থাৎ এখন যে অংশ সমুদ্রের তলায়, বহু বছর আগে সেখানে মানুষের চলাফেরা ও নানা কাজকর্মের উপযোগী পরিবেশ ছিল।

আরও চমকপ্রদ তথ্য মিলেছে পাথর পরীক্ষা করে। কিছু সরঞ্জাম তৈরির উপাদানের উৎস প্রায় ২৩ কিলোমিটার দূরে। ফলে বোঝা যায় প্রাচীন মানুষ দূরের অঞ্চল থেকেও প্রয়োজনীয় পাথর সংগ্রহ করতেন। তবে কীভাবে সেগুলি আনা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞানীদের মতে সমুদ্রের জলস্তর বাড়ার ফলে অন্তত ৯ হাজার বছর আগে এই ভূখণ্ড ডুবে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্রত্নস্থলগুলি এত আগে জলের নিচে চলে গেলেও উদ্ধার হওয়া প্রতিটি সরঞ্জামের বয়স যে ৯ হাজার বছর তা সরাসরি প্রমাণিত হয়নি।

ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা মনে করিয়ে দিচ্ছে আজকের সমুদ্রতলই একসময় ছিল মানুষের চেনা পৃথিবীর অংশ। সেই হারিয়ে যাওয়া ভূমির ইতিহাস এখন উঠে আসছে জলের নিচ থেকে।

Show Full Article