World

সমস্যায় পড়লে এমন কাণ্ড করে ছোট্ট সাপটি, অবাক বিজ্ঞানীরাও

ছোট্ট এক সাপের অদ্ভুত আচরণ দেখে অবাক বিজ্ঞানীরা। সমস্যা থেকে বাঁচতে তার কৌশল একেবারেই অন্যরকম। ভারতের কাছেই পাওয়া যায় এই সাপ।

সাপকে ছুটতে দেখলে সাধারণত মনে হয় শরীরটা এঁকেবেঁকে মাটির ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার এক ছোট্ট সাপ বিপদ বুঝলেই এমন কাণ্ড করে যা দেখলে চোখ কপালে উঠতে পারে। সে যেন নিজের শরীরকেই চাকা বানিয়ে গড়িয়ে পালায়।

এই সাপের নাম ডোয়ার্ফ রিডস্নেক। জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একাধিক দিক থেকে ভিডিও তুলে তার চলাফেরা খুঁটিয়ে দেখেছেন। তাতেই সামনে এসেছে অবাক করা তথ্য।

গড়িয়ে চলার সময় সাপগুলির সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১.৭২ থেকে ৩.৬৯ মিটার। সাধারণভাবে এঁকেবেঁকে চলার সর্বোচ্চ গতির তুলনায় তা প্রায় ৪ গুণ বেশি। তবে শুধু গতি সবচেয়ে আশ্চর্যের বিষয় নয়।

শরীরের পিছনের অংশ যখন দ্রুত ঘুরছে তখনও মাথা সামনের দিকেই থাকে। উচ্চতাও খুব বেশি ওঠানামা করেনা। ফলে দ্রুত পালানোর সময় দিক ঠিক রাখতে এই কৌশল সাহায্য করতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

কীভাবে সম্ভব হচ্ছে এমনটা? দেখা গিয়েছে সাপটি শরীরের একপাশ মাটিতে রেখে অন্য অংশ বাঁকিয়ে মাথার পাশ দিয়ে নামায়। পরের বার একই কাজ করে উল্টো দিক থেকে। এভাবেই পালা করে শরীর ঘুরিয়ে এগিয়ে যায় সে। এমনকি মাত্র ২০ সেন্টিমিটার চওড়া পথ দিয়েও গড়িয়ে যেতে পারে এই সাপ।

গবেষণাটি প্রকাশিত হয়েছে কারেন্ট বায়োলজি পত্রিকায়। তবে সব সাপ যে এভাবে চলতে পারে, তা নয়। প্রকৃতি যে চেনা শরীর দিয়েও কত অচেনা কৌশল তৈরি করতে পারে, এই ছোট্ট সাপ তারই এক আশ্চর্য উদাহরণ।

Show Full Article