ভারতের জঙ্গলে পৃথিবীর আলো দেখল ৪ চিতা, দ্রুত কাটছে ৮০ বছরের খরা
ভারতের মাটিতে ভূমিষ্ঠ হওয়া চিতার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই সেই সংখ্যা প্রায় ৫০-এর কাছে পৌঁছে গেল। মাত্র ৪ বছরে কাটল ৮০ বছরের খরা।
ভারতের মাটিতে চিতার দেখা ৫ বছর আগেও ছিলনা। লেপার্ডকে চিতা বলে ভুল করতেন অনেকে। ২০২২ সালে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতে চিতার পাদচারণা শুরু হয়। আফ্রিকার একাধিক দেশ থেকে চিতা এনে মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে ছাড়া হয়।
প্রথম আনা হয় নামিবিয়া থেকে। কুনোর জঙ্গলে তারা মানিয়েও নিতে থাকে। বাড়তে থাকে সংখ্যাও। ভারতের মাটিতেই ভূমিষ্ঠ হতে থাকে চিতা শাবক। এবার বোতসোয়ানা থেকে আনা এক স্ত্রী চিতা ৪ চিতা শাবকের জন্ম দিল। ফলে ভারতে চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২-তে।
প্রায় ৮০ বছর ভারতে চিতার দেখা ছিলনা। এবার সেই চিতা ফের বাড়তে শুরু করেছে। কাটছে চিতার খরা। নতুন ৪ চিতা শাবকের হাত ধরে ভারতের মাটিতে জন্ম নেওয়া চিতার সংখ্যা দাঁড়াল ৪৩-এ। দ্রুত তা ৫০ হওয়ার দিকে এগিয়ে চলেছে।
রেকর্ড অনুযায়ী ভারতে শেষবার চিতার দেখা পাওয়া গিয়েছিল ১৯৪৭ সালে। ১৯৫২ সালে ভারতে কোনও চিতা নেই বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তারপর থেকে চিতা বলে কোনও প্রাণির সঙ্গে ভারতের যোগাযোগ ছিলনা।
২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফের চিতার পাদচারণা শুরু করতে আফ্রিকা থেকে চিতা নিয়ে আসেন প্রোজেক্ট চিতার আওতায়। তারপর মাত্র ৪ বছরের মধ্যে ভারতে এখন চিতার সংখ্যা ৬২-তে গিয়ে ঠেকল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











