State

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কলকাতায় কেমন বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ঘূর্ণাবর্ত, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি এখনই থামছে না। রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কবে পর্যন্ত চলবে, কলকাতায় কেমন বৃষ্টি। পাওয়া গেল পূর্বাভাস।

বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে রাজস্থান থেকে শুরু করে বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার জেরে এ রাজ্যে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। ভারী বৃষ্টিও হবে অনেক জেলায়।

দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এরমধ্যে সোম ও মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে বিক্ষিপ্ত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেই পারে। সঙ্গে থাকবে ঝোড়া হাওয়ার দাপট। যার গতি হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। হতে পারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও। দক্ষিণবঙ্গে তাই বৃষ্টি সপ্তাহের শুরুতে থাকছে। সব জেলার জন্যই হলুদ সতর্কতা থাকছে।

উত্তরবঙ্গেও অনেক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আপাতত সেখানে মঙ্গলবার পর্যন্ত প্রতি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কমলা সতর্কতা নেই। আছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে আগামী মঙ্গল ও বুধবার পর্যন্ত এ রাজ্যে বৃষ্টি চলবে।

সেপ্টেম্বরে দেশজুড়ে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে। এল নিনোর সক্রিয়তা বৃদ্ধির কারণে এ রাজ্যেও কি বৃষ্টি কমতে চলেছে, সে উত্তর সেপ্টেম্বরের শেষেই পাওয়া যাবে।

Show Full Article