State

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় কেমন বৃষ্টি জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির ফলে নতুন করে মেঘে ভরেছে আকাশ। চলছে বৃষ্টি। ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কোথায় কেমন বৃষ্টি জানিয়েছে হাওয়া অফিস।

সপ্তাহের প্রথম দিনে নাজেহাল করছে বৃষ্টি। গত কয়েকটি সোমবারে সেই দৃশ্যই দেখতে পাওয়া গেছে। তা হচ্ছে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের কারণে। একটি নিম্নচাপ গেলেই তৈরি হয়ে যাচ্ছে নতুন নিম্নচাপ।

যেমন এদিন একটি নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়েছে। ফলে তার প্রভাবে দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবার সারাদিনই দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার জন্য ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গের অন্য ৭ জেলার জন্য আগামী মঙ্গলবার সতর্কতা রয়েছে। যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান।

বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। তার সঙ্গে যোগ দিয়েছে পঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রসারিত একটি নিম্নচাপ অক্ষরেখা। ফলে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। ভারী বৃষ্টি হচ্ছে। সে নিম্নচাপ কিছুটা মিলিয়ে যেতে না যেতেই আবার নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। যার জেরে বাংলায় বৃষ্টি হয়ে চলেছে।

উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি হয়ে চলেছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হচ্ছে। এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অপেক্ষাকৃত কম বৃষ্টি হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। তবে সেখানেও বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Show Full Article