বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি, রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, কোথায় কেমন বৃষ্টি
বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার জেরে পশ্চিমবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কোথায় কেমন বৃষ্টি হবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তার সঙ্গে সঙ্গত দিতে তৈরি হয়েছে বঙ্গোপসাগরের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটি অবস্থান করছে। যা শক্তি বাড়াচ্ছে।
এছাড়া দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কলকাতা সেই তালিকায় পড়ছে না।
কলকাতায় মাঝে মাঝে বৃষ্টি ও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। আগামী ২ দিন এসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সব জেলাতেই বৃষ্টি হবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সাগর এখন উত্তাল রয়েছে। তাই মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। দক্ষিণবঙ্গে অবশ্য সপ্তাহের মাঝামাঝি থেকে তেমন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেই পারে।
উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। জলপাইগুড়ি ও কালিম্পংয়ে সোমবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহারে সোমবার থেকে মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি ৩ জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার জন্য বিশেষ কোনও সতর্কবার্তা নেই।











