বঙ্গোপসাগরে নিম্নচাপ, কতদিন চলবে এমন বৃষ্টি, পাওয়া গেল পূর্বাভাস
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সপ্তাহ শুরুতেই ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এই বৃষ্টি কতদিন চলবে, সে পূর্বাভাস পাওয়া গেল।
বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের জেরে গত রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কখনও জোরে হচ্ছে, কখনও কিছুক্ষণ থামছে। ফের শুরু হচ্ছে। এমনই পরিস্থিতি সোমবার সপ্তাহের প্রথম দিনে জনজীবনে প্রভাব ফেলেছে।
যদিও এদিন ছুটি থাকায় স্কুল, কলেজ থেকে সরকারি অফিস বন্ধ। তবে বৃষ্টিতে রাস্তায় বার হওয়া মানুষজনের সমস্যা হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে এই নিম্নচাপটি উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে যাচ্ছে।
এদিন সেটি পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমানার কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করে যাবে। তারপর আরও এগিয়ে যাবে উত্তরের দিকে। এভাবে আগামী বুধবারের মধ্যে ঝাড়খণ্ড পার করে যাবে।
শুধু নিম্নচাপ বলেই নয়, তার সঙ্গে রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখাও অবস্থান করছে। সব মিলিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এমন বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অনেক জায়গায়।
দিনভর বৃষ্টির দাপট বুধবারের পর কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি ভেজা দিন থেকে বুধবারের আগে রেহাই নেই বলেই পূর্বাভাস। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।
তবে বৃষ্টি যে একদম থেমে যাবে এমনটা নয়। নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি শুরু হয়েছে তার থেকে বুধবারের পর রেহাই মিলবে। কিন্তু কমবেশি বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে চলবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে।













