National

গত ১২৬ বছরে অন্যতম শুকনো জুন মাস কাটাল দেশ

গত ১২৬ বছরে এমন জুন মাস দেখতে হয়নি দেশকে। ২০২৬ সালে অন্যতম শুষ্ক জুন মাস কাটাল ভারত। কারণটাও অজানা নয়।

১৯০১ সাল থেকে ভারতে বৃষ্টিপাতের রেকর্ড রাখা শুরু হয়েছিল। তাই তার আগের না থাকলেও তার পরের রেকর্ড খাতায় কলমে পরিস্কার দেখতে পাওয়া যায়। সেই তালিকা বলছে গত ১২৬ বছরে ভারত ৫টি অন্যতম শুকনো জুন মাস কাটিয়েছে। যে জুনগুলিতে ১০০ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।

এই তালিকা অনুযায়ী ১৯০৫ সাল, ১৯২৬ সাল, ২০০৯ সাল এবং ২০১৪ সাল এর আগে শুষ্কতম জুন কাটিয়েছে। তারপর কাটাল ২০২৬ সাল। যা ২০০৯ সালের রেকর্ডও ভাঙার মুখে। কারণ ২০০৯ সালে মাত্র ৮৭ মিলিমিটারের সামান্য বেশি বৃষ্টি হয়েছিল।

এবার এখনও তা হয়েছে ৮৫ মিলিমিটারের সামান্য বেশি। মাত্র ১ দিনের ব্যবধানে সেই বৃষ্টিপাত হওয়া দরকার, যাতে ২০২৬ সালের জুন সবচেয়ে শুকনো জুন মাসে না পড়ে। এখনও কিন্তু সেটাই রয়েছে।

ভারতে বর্ষার প্রথম মাস ধরা হয় জুনকে। এবার জুনেই সক্রিয় হয়েছে এল নিনো। এবার ক্রমে তার প্রভাব বিস্তার হবে। যা ভারতের বর্ষাকে প্রভাবিত করবে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞেরা। তা যে এত দ্রুত প্রভাব ফেলবে তা পরিস্কার ছিলনা।

এল নিনো-র প্রভাবে এ বছর বর্ষায় বৃষ্টির ঘাটতি হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে এবার জুনেই সেই ঘাটতি পৌঁছে গেছে ৪৩ শতাংশে। যা নতুন করে চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞ থেকে কৃষক সকলকেই।

কৃষি প্রধান দেশ ভারতে বৃষ্টির অভাব সরাসরি কৃষিজ উৎপাদনে প্রভাব ফেলবে। কম ফলন হলে বাজার আরও অগ্নিমূল্য হয়ে ওঠার সম্ভাবনাও প্রবল হবে।

Show Full Article