গতি পেল মন্থর বর্ষা, কোথায় কোথায় ছড়াতে চলেছে বর্ষা, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
বর্ষা দেশে প্রবেশ করার পরও দেশজুড়ে ছড়িয়ে পড়ায় সেভাবে গতি পাচ্ছিল না। এবার ২টি কারণে গতি পেয়েছে বর্ষা। দ্রুত কোথায় ছড়াবে বর্ষা, জানাল হাওয়া অফিস।
বর্ষা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে একটু দেরি করে। তবে দক্ষিণের রাজ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তারপরও তার গতি খুব মন্থর ছিলনা। উত্তরবঙ্গে বর্ষা আগে প্রবেশ করে। তারপর দক্ষিণবঙ্গে।
তবে দক্ষিণবঙ্গে খাতায় কলমেই যেন বর্ষা প্রবেশ করেছিল। তার প্রভাব এতটুকুও দেখতে পাচ্ছিলেন না দক্ষিণের জেলাগুলির বাসিন্দারা। বরং প্রবল গরমে নাজেহাল হতে হচ্ছিল তাঁদের।
অন্যদিকে বর্ষা বাংলায় প্রবেশ করলেও তা আর ছড়িয়ে পড়ছিল না। বরং যেন থমকে গিয়েছিল। এই পরিস্থিতি বেশ কয়েকদিন ধরে চলেছে। অবশেষে সেই পরিস্থিতি কেটেছে।
একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং স্থানীয়ভাবে অনুকূল পরিস্থিতি বর্ষা প্রবেশের রাস্তা সুগম করেছে। আবহাওয়া দফতর তেমনই পূর্বাভাস দিয়েছে। দিল্লিতে প্রাক-বর্ষার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বর্ষা দ্রুত ছড়িয়ে পড়বে মধ্য ভারতের রাজ্যগুলিতে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। দ্রুত সেখানে বর্ষার বৃষ্টি হবে। তবে উত্তর ভারতে বর্ষার প্রবেশ না হলেও সেখানে গত কয়েকদিনে কখনও কখনও প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। তার দাপটও ছিল যথেষ্ট।
এখন যে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেভাবে ভারতের একটা বড় অংশ জুড়ে মেঘের সঞ্চার হয়েছে তাতে দেশের ১৯টি রাজ্য ভাল বৃষ্টি পেতে চলেছে। এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
১৯টি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থেকেই স্পষ্ট যে ভারতের সিংহভাগই এবার বৃষ্টি পেতে চলেছে। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় সিকিম ও হিমালয় লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য আলাদা করে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











