বাংলায় বর্ষা কবে প্রবেশ করছে, ঝড় বৃষ্টি কবে, পাওয়া গেল পূর্বাভাস
বর্ষা এবার দেরীতে দেশে প্রবেশ করলেও দ্রুত ছড়িয়ে পড়ছে। বাংলায় কবে বর্ষা প্রবেশ করতে পারে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ঝড় বৃষ্টির পূর্বাভাসও পাওয়া গেল।
ভ্যাপসা গরম। ঘর্মাক্ত অস্বস্তিকর দিন থেকে রেহাই পাচ্ছেননা দক্ষিণবঙ্গের মানুষ। সকলের জিজ্ঞাসা ঝেঁপে বৃষ্টি কবে হবে? সেদিক থেকে কিছুটা হলেও সুখবর দিয়েছে আবহাওয়া দফতর। বর্ষা কবে প্রবেশ করতে পারে তারও একটা পূর্বাভাস পাওয়া গেছে।
এবার কেরালা দিয়ে ভারতে বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের পরে। দেরীতে প্রবেশ করলেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মধ্য ও পূর্ব ভারতে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে পারে বলেই মনে করছেন আবহবিদেরা।
গত ৪ জুন কেরালা দিয়ে বর্ষা ভারতে প্রবেশ করেছে। তারপর থেকে তামিলনাড়ু ও কেরালায় বৃষ্টির দাপট বেড়েছে। ইতিমধ্যেই বর্ষা আরব সাগর, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার বড় অংশে পৌঁছে গেছে।
উত্তরবঙ্গে এখন বর্ষার প্রবেশ সময়ের অপেক্ষা। সেখানে ভালই বৃষ্টি হচ্ছে। কিন্তু এখনও সেভাবে শীতল বারিধারার পরশ পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার থেকে আবহাওয়া কিছুটা বদলাবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাদ যাবেনা কলকাতাও। পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি এই সপ্তাহ জুড়েই চলতে পারে।
বর্ষার প্রবেশ আগুনে গরমে রাশ টানতে পারে। তবে এখনও দিল্লি ৪৪ ডিগ্রি উত্তাপে জ্বলছে। আগামী ১১ জুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটতে পারে। তার জেরে উত্তর পশ্চিম ভারতের এই তাপপ্রবাহ পরিস্থিতি কিছুটা হলেও বদলাবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।










