National

দেশে বর্ষা কবে ঢুকছে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

চলতি বছরে ভারতে বর্ষা সময়ের আগে ঢোকার কথা থাকলেও বাস্তবে স্বাভাবিক সময় পার করেও তার দেখা নেই। তবে বর্ষা কবে ঢুকছে তা জানিয়ে দিল আবহাওয়া দফতর।

ভারতের মূল ভূখণ্ডে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে কেরালা দিয়ে। প্রতি বছর তার অন্যথা হয়না। এবার গ্রীষ্মের মাঝেই আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল বর্ষা তার নির্ধারিত সময়ের আগেই ভারতে প্রবেশ করতে পারে। কেরালায় বর্ষা প্রবেশ করতে পারে ২৬ মে-র আশপাশে। কিন্তু তা হয়নি।

ভারতে সাধারণভাবে বর্ষা প্রবেশ করে ১ জুন। এটাই খাতায় কলমে রয়েছে। কিন্তু তার দু-এক দিন আগে বা পিছনে হয়ে থাকে। এবার যেহেতু তারও আগে বর্ষা ভারতে ঢুকে যাবে বলেই মনে করেছিলেন দেশবাসী, তাই দেরীটা বড় বেশি করে নজর কেড়েছে।

বর্ষা প্রবেশের পরিস্থিতি যে তৈরি নয়, তা কিন্তু নয়। কেবল তা স্থলভাগে প্রবেশটাই যা করছেনা। কবে ঢুকবে বর্ষা তা নিয়ে একটা জল্পনা চলছিলই। তার মাঝেই আবহাওয়া দফতর স্পষ্ট করল ভারতে বর্ষা প্রবেশ করছে বৃহস্পতিবার ৪ জুন।

অবশ্য বর্ষা ঢোকার আগেই প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে কেরালা ও তামিলনাড়ু। আগামী ৭ দিনে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভাল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কেরালায় বর্ষা প্রবেশ করার পর তা ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে থাকে। এবার যেহেতু দেরীতেই বর্ষা প্রবেশ করতে চলেছে, তাই পশ্চিমবঙ্গেও তা ঢুকতে দেরী হওয়াটা স্বাভাবিক।

Show Full Article