বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাংলায় প্রভাব কতটা
বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা সুস্পষ্টভাবে অবস্থানও করছে। এর ফলে পশ্চিমবঙ্গ কতটা প্রভাবিত হতে চলেছে, পাওয়া গেল পূর্বাভাস।
বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট গভীর নিম্নচাপ অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অবস্থান করছে। যার হাত ধরে এবার বর্ষাও আগেভাগেই ভারতে প্রবেশ করছে। ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ না করলেও তা প্রবেশ করছে আন্দামান ও নিকোবরে। যা ভারতেরই দ্বীপখণ্ড।
বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে তামিলনাড়ুর অধিকাংশ জায়গা ভাসতে চলেছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে দক্ষিণের এই রাজ্য অসহ্য গরম থেকে রেহাই পেয়েছে। তবে অতিবৃষ্টি হলে আবার ফসল ও জনজীবনে তার বিরূপ প্রভাব পড়তে পারে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে পশ্চিমবঙ্গেও তার প্রভাবের সম্ভাবনা উজ্জ্বল থাকে। কিন্তু এই নিম্নচাপটির কোনও প্রভাব এ রাজ্যে পড়ছে না। এটা এতটাই দক্ষিণে রয়েছে যে তার প্রভাব বাংলার ওপর পড়ছে না। তাই বাংলার দক্ষিণ ভাগ অর্থাৎ দক্ষিণবঙ্গে এখন গরম বজায় থাকবে। পারদও চড়বে। ২ থেকে ৩ ডিগ্রি চড়বে পারদ।
এর মাঝেই কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় শুক্রবার ঝড়বৃষ্টি হয়েছে। তবে তার জেরে গরম কোনও অংশে কমেনি। চড়া রোদ, ঘাম এবং অস্বস্তি বজায় থাকছে।
পাশাপাশি ঝড়বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটা ভাল। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিন বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
এবার ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আগেই প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস। তবে বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে তা এখনও পরিস্কার করে কিছু জানাতে পারেননি আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











