৪৭ ডিগ্রি পার করল গরম, জ্বলছে আজরক চিত্রের শহর, পশ্চিমবঙ্গে অন্য পূর্বাভাস
পাশের দেশ থেকে কোনও বাধা ছাড়াই ঢুকছে প্রবল গরম হাওয়া। তার জেরেই চড়ছে দেশের একাংশের পারদ। এবার তা ৪৭ ডিগ্রির গণ্ডিও পার করে গেল।
গরমকাল হলেও পশ্চিমবঙ্গের মানুষ এখনও সেই গরমের মুখে পড়েননি। মেঘ, বৃষ্টি, ঝড়, মেঘলা আকাশ মিলিয়ে গরমের দিনগুলো পার হচ্ছে কিছুটা স্বস্তিতেই। যদিও চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে পারদ চড়ার বার্তা স্পষ্ট করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে গরম বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। আগামী ৫ দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে। তারপর ২ দিন আর তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবেনা।
সব জেলাতেই কোনও কোনও জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা সার্বিকভাবে কম। পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত ভাল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ রাজ্যে যখন এমন অবস্থা তখন ভারতের পশ্চিমাংশের রাজ্য রাজস্থান জ্বলছে। রাজস্থানের বারমের-এ পারদ পার করে গেছে ৪৭ ডিগ্রি। আজরক চিত্রের জন্য বিখ্যাত এই জায়গায় পারদ রেকর্ড হয়েছে ৪৭.৩ ডিগ্রি।
পাকিস্তান থেকে রাজস্থানের থর মরু অঞ্চলে প্রবল গরম বাতাস প্রবেশ করছে। তার জেরেই সেখানে অনেক জায়গায় তাপপ্রবাহ চলছে। অধিকাংশ জায়গার পারদ ৪০ ডিগ্রির ওপর রয়েছে। জ্বলছে বিকানের অঞ্চলও। তবে সেখানে ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
জয়সলমীর থেকে বিকানের, যোধপুর, চিতোরগড়ের পারদ ৪৪ ডিগ্রিতে ঘুরপাক খাচ্ছে। আবহাওয়া দফতর এটাও জানিয়েছে, রাজস্থানের অনেক জায়গায় পারদ রাতেও তেমন একটা নিচে নামবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












