সমুদ্রের তলায় ফ্রিজ, ওয়াশিং মেশিনের সমাধি, জাহাজ খুঁজতে নেমে অন্য প্রাপ্তি বিজ্ঞানীদের
সমুদ্রের তলায় একটি হারানো জাহাজের খোঁজ করতে নেমেছিলেন বিজ্ঞানীরা। জাহাজের হদিশ পেলেননা। তবে দেখা পেলেন স্তূপাকার হয়ে পড়ে থাকা ফ্রিজ, ওয়াশিং মেশিনের।
সমুদ্রের তলায় ডুবো জাহাজ খুঁজতে নেমেছিলেন তাঁরা। জলের তলায় দেড় কিলোমিটার পথ নামার পর সমুদ্রের তলদেশে পৌঁছে যান। সেখানে জাহাজটি খুঁজে পাওয়ার চেষ্টা করেন। কিন্তু জাহাজের দেখা পাননি। অবশ্য তার চেয়ে বড় রহস্যের সন্ধান পান তাঁরা।
গালফ অফ মেক্সিকো-র সমুদ্রতলে নেমে বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে যান একটি দৃশ্য দেখে। দেখেন সমুদ্রের দেড় কিলোমিটার তলায় পড়ে আছে অনেক ওয়াশিং মেশিন, ফ্রিজ। কোথা থেকে এল এত ফ্রিজ, ওয়াশিং মেশিন? তাও আবার সমুদ্রের তলায়!
ভাল করে দেখতে গিয়ে তাঁরা দেখেন ফ্রিজ বা ওয়াশিং মেশিনগুলি প্যাক করা নয়। তাই তাঁদের ধারনা এগুলি নতুন বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল না। এগুলি নষ্ট করে নতুন ব্যবহারের মেশিন তৈরি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
এগুলি যে একটি জায়গায় ভরা ছিল তাও জানতে পেরেছেন বিজ্ঞানীরা। সেই কন্টেনারের নম্বরও উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে সেটি কোনওভাবে জাহাজে নিয়ে যাওয়ার সময় জলে পড়ে যায়। জলের তলদেশে পৌঁছে কন্টেনার ভেঙে সব ওয়াশিং মেশিন, ফ্রিজ বেরিয়ে আসে।
প্রসঙ্গত সমুদ্রপথে প্রচুর জিনিসপত্র আদানপ্রদান হয়। প্রায় ২৮ কোটি এমন কন্টেনার প্রতিবছর বিশ্বজুড়ে নানা প্রান্তে পৌঁছে যায় জলপথে। তারমধ্যে হাজারের মত কন্টেনার জলে পড়েও যায়। সমুদ্রের অতলে তা তলিয়ে যায়। তাকে আর উদ্ধার করা সম্ভব হয়না।











