National

তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার গয়না দান করলেন এক দম্পতি

১২১ কেজি সোনার গয়না। যার মূল্য ২০৬ কোটি টাকা। যা এক দম্পতি দান করলেন তিরুপতি মন্দিরে। প্রভু ভেঙ্কটেশ্বরকে দেওয়া এই গয়না হাতে তুলে নেন পুরোহিত।

মন্দিরে দান তো অনেক ভক্তই করেন। তবে এক দম্পতির দান নজর কেড়ে নিল সকলের। খোদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সাক্ষী রইলেন এই দানের।

তিরুমালার তিরুপতি মন্দিরে অধিষ্ঠিত প্রভু ভেঙ্কটেশ্বরকে ১২১ কেজির গয়না দান করেন চেন্নাইয়ের বর্ধমান ও রাধিকা জৈন। সোনার অনেক গয়নাই হিরে, চুনি, পান্না, নীলকান্তমণির মত মূল্যবান রত্নখচিত।

২ হাজার ৪২৭ ক্যারেট রত্নখচিত রয়েছে এসব স্বর্ণালঙ্কারে। ৪৬ রকমের সোনার গয়না দান করেন ওই দম্পতি। নেকলেস থেকে কোমরবন্ধ, পাদুকা থেকে সোনার মুকুট, সবই ছিল। সেই সঙ্গে একটি সোনার শঙ্খও দান করেন তাঁরা।

এসবই প্রভু ভেঙ্কটেশ্বরকে উদ্দেশ্য করে দান করা হয়। যা হাতে তুলে নেন তিরুমালা তিরুপতি দেবস্থানম-এর পুরোহিত ও কর্মকর্তারা। এই ১২১ কেজির সোনার গয়না মন্দিরের হাতে তুলে দেওয়ার সময় হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

এই মন্দিরে বিভিন্ন সময়ে মানুষের দানের কথা মনে করিয়ে দেন চন্দ্রবাবু নাইডু। মনে করান পল্লব, চোল, চেরা, পাণ্ডিয়া, এমনকি মারাঠা রাজারাও এই মন্দিরে অলঙ্কার দান করেছেন। অলঙ্কার দান করেছেন বহু ভক্তও।

রাজরাজরা থেকে ভক্তদের দান এ মন্দিরকে সময়ের সঙ্গে সমৃদ্ধ করে চলেছে। মন্দিরের পুরোহিতদের বৈদিক পরম্পরা বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত প্রভু ভেঙ্কটেশ্বর ভগবান বিষ্ণুর রূপ। ভক্তদের কাছে তিনি গোবিন্দ, বালাজি এবং শ্রীনিবাস নামেও পরিচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article