World

৩০ বছর ধরে চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি প্রায় ১ কোটি টাকার বিরল সম্পদ, জানলেন গৃহস্থ

৩০ বছর ধরে যে বস্তুটি তিনি বাড়ির চৌকাঠ হিসাবে ব্যবহার করেছেন তা আদপে একটি বিরলতম বস্তু। যার দাম প্রায় ১ কোটি টাকা।

বাগানে কুড়িয়ে পেয়েছিলেন একটি পাথরের মত শক্ত বস্তু। জিনিসটি বেশ শক্তপোক্ত হওয়ায় সেটি তুলে নিয়ে যান গৃহস্থ। তাঁর বাড়ির বাগানে পাওয়া একটা ধাতুর মত জিনিসের টুকরো তো তাঁরই। তাই সেটি তুলে নিয়ে গিয়ে বাড়ির চৌকাঠ হিসাবে ব্যবহার করা শুরু করেন তিনি।

এভাবে বছরের পর বছর কাটতে থাকে। চৌকাঠে সেই বস্তুটি ৩০ বছর কাটিয়ে দেওয়ার পর সেটি ওই এলাকারই একজনের নজরে পড়ে। তাঁর একটা সন্দেহ হয়। তিনি এক বিজ্ঞানীকে সেটির খবর দেন।

সেই বিজ্ঞানী ওই ধাতব টুকরোটি পরীক্ষা করেই বুঝতে পারেন সেটি আসলে কি। আমেরিকার মিশিগানের এডমোরে একটি বাগান থেকে পাওয়া ওই ১০ কেজির খণ্ডটি যে আসলে একটি বিরল উল্কাপিণ্ড তা জানতে বিজ্ঞানীর অসুবিধা হয়নি।

এমনকি উল্কাপিণ্ড হিসাবে সেটি বিরল। কারণ পৃথিবীতে আছড়ে পড়া এমন উল্কাপিণ্ডের খণ্ডগুলিতে ৯৫ শতাংশই থাকে লোহা। কিন্তু এই চৌকাঠে ব্যবহার হওয়া উল্কাখণ্ডটিতে ৮৮ শতাংশ লোহা এবং ১২ শতাংশ নিকেলের খোঁজ পান বিশেষজ্ঞেরা।

এমন এক বস্তু যে গবেষণার কাজে লাগবে তা বুঝতে অসুবিধা হয়নি তাঁদের। সৌরমণ্ডলের প্রথম পর্যায়ের খোঁজ এই উল্কাখণ্ডটি দিতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

সেই উল্কাখণ্ড ৩০ বছর ধরে একটি বাড়ির দরজার চৌকাঠে ব্যবহার হয়ে এসেছে। এটির দাম যে ১ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় ৯৫ লক্ষ টাকার বেশি হবে তাও পরিস্কার বিশেষজ্ঞদের কাছে।

Show Full Article