একটাও বল না খেলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ব্যাটার, অজি ক্রিকেটে নজিরবিহীন ঘটনা
একজন ব্যাটার ব্যাট করতে নেমে প্রথম বলে আউট হতেই পারেন। কিন্তু কোনও ব্যাটার একটাও বল না খেলেই কীভাবে বোল্ড হতে পারেন সেই নজিরবিহীন ঘটনা দেখল গোটা বিশ্ব।
ক্রিকেটে ১ বলেই আউট নতুন কিছু নয়। অনেক প্রথমসারির প্রথিতযশা ক্রিকেটারও এভাবে আউট হয়েছেন। কিন্তু কোনও ব্যাটার ব্যাট করতে নেমে একটাও বল না খেলেই কীভাবে বোল্ড হতে পারেন? কোনও হিসাবেই মেলাতে পারবেননা ক্রিকেট অনুগামীরা। কিন্তু সেটাই ঘটল।
কীভাবে সম্ভব এটা? এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কড়া নিয়মের বেড়াজালে। ক্রিকেটে সাধারণ নিয়ম হল কোনও ব্যাটার আউট হওয়ার পর ২ মিনিটের মধ্যেই পরবর্তী ব্যাটারকে ব্যাট করার জন্য তৈরি হতে হবে। না হলে টাইমড আউট হয়ে ফিরতে হবে।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এই নিয়মটা আরও কড়া। সেখানে নিয়ম হল ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে ক্রিজে ব্যাট করতে তৈরি হয়ে যেতে হবে ৭৫ সেকেন্ডের মধ্যে।
তা যদি না হতে পারে তাহলে প্রথম বল তিনি খেলার সুযোগ পাবেন না। প্রথম বলটা বোলার খালি ক্রিজে করবেন। এই বলে যদি ফাঁকা উইকেট ভেঙে দিতে পারেন তাহলে ব্যাটার আউট।
এই নিময় থাকলেও এই ঘটনা এতদিন ঘটেনি। ঘটল মহিলাদের বিগ ব্যাশ লিগে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিন্দ্রা ডটিন ব্যাট করতে নামতে গিয়ে ৭৫ সেকেন্ড পার করে ফেলেন।
মেলবোর্ন রেনেগেডস বনাম ব্রিসবেন হিট দলের খেলা চলছিল। সেখানে মেলবোর্ন রেনেগেডস-এর ক্রিকেটার হিসাবে ব্যাট করতে নামেন ডটিন। কিন্তু ৭৫ সেকেন্ড পার হওয়ায় আম্পায়াররা তাঁকে নিয়ম অনুযায়ী প্রথম বল খেলতে দেননি। তাঁকে ক্রিজ ছেড়ে সরে দাঁড়াতে হয়।
বোলার অনায়াসে খালি উইকেটে বল করে বোল্ড করেন। তিনি বোলারের সামনে না দাঁড়ালেও স্কোর বোর্ডে ডটিনকে বোল্ড বলে দেখানো হয়। একটাও বল না খেলে এভাবেই প্যাভিলিয়নে ফিরতে হয় ডটিনকে। অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগ এক নতুন নজির সৃষ্টি করল।











