আড়াই কিলোমিটার পথে সব নির্মাণের রং গেরুয়া, গোরক্ষপুর সাজছে নতুন সাজে
৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাকিটা ইংরাজি নববর্ষের আগেই শেষ হয়ে যাবে। গোরক্ষপুরের আড়াই কিলোমিটারের ঐতিহ্যবাহী সড়কের ২ ধারের নির্মাণ সাজছে গেরুয়া রংয়ে।
রাস্তার ২ ধারে বাড়ি। প্রচুর দোকান। এমনকি মন্দির থেকে মসজিদ সবই রয়েছে। এটাই গোরক্ষপুরের ঐতিহ্যবাহী সড়ক হিসাবে পরিচিত। যা ধর্মশালা থেকে জটাশঙ্কর মোড় পর্যন্ত বিস্তৃত।
এই পুরো পথটি আড়াই কিলোমিটারের। যার ২ ধারে বাড়ি, দোকান বা অন্য যাই নির্মাণ হোক তার রং হয়ে উঠেছে গেরুয়া। ৮০ শতাংশ নির্মাণের রং বদল করে গেরুয়া করে দেওয়া হয়েছে।
বাকি আর মাত্র ২০ শতাংশ কাজ। তাও দ্রুততার সঙ্গে গেরুয়া হয়ে উঠছে। যাতে ইংরাজি নববর্ষের আগেই পুরো পথের ২ ধারের বাড়ি, দোকান সহ সবকিছু কেবল গেরুয়া রংয়ের হয়ে ওঠে।
শুধু বাড়ি বা অন্য নির্মাণের রং গেরুয়া বলেই নয়, তার সঙ্গে তার জানালা ও দরজার রংও স্থির হয়েছে। প্রতিটি দরজা ও জানালা হয়ে উঠছে কালো রংয়ের। বাড়িগুলিতে গেরুয়া রং করার পাশাপাশি সাদা বর্ডার দেওয়া হয়েছে। সব মিলিয়ে আড়াই কিলোমিটার পথের সব রং মিলে গেছে গেরুয়াতে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই পথ জুড়ে থাকা সব বাড়ির বাসিন্দা থেকে দোকান মালিক সকলেই। নানা রংয়ের জায়গায় একটিই রং এভাবে আড়াই কিলোমিটার জুড়ে ঝলমল করায় তা দেখতে আরও ভাল লাগছে বলেই মত অধিকাংশের।
ইংরাজি নববর্ষের মধ্যে পুরো কাজ শেষ হলে এই পুরো পথ জুড়ে চারধার আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করছেন স্থানীয়রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











