National

কাঁঠাল তাঁর ভালবাসা, কাঁঠাল গ্রাম বানিয়ে বেড়াচ্ছেন কেরালার বাসিন্দা জয়ন

কাঁঠালগাছ নিয়ে তাঁর উৎসাহ এতটাই যে তাঁকে মানুষ কার্যত কাঁঠাল মানুষ হিসাবে দেখতে শুরু করেছেন। তিনি কাঁঠাল গ্রাম বানিয়ে বেড়ান।

ছোটবেলা থেকে কাঁঠাল গাছের প্রতি তাঁর এক অন্যই ভালবাসা। সবুজের মাঝেই বড় হয়ে ওঠা। স্কুলে গাছের চারা আনতে বললে কাঁঠালের চারা নিয়ে আসা ছেলেটা জীবনের দীর্ঘ পথ পার করে এখন ৬০ পার করা বৃদ্ধ। তবে তাঁর কাজ থেমে নেই। তিনি এখন কাঁঠাল বাগান বানিয়ে বেড়ান।

নিজের কোনও জমি ছিলনা। তাই যুবা বয়সে কাঁঠালের চারা নিয়ে গ্রামের রাস্তার ধারে রোপণ করতেন। প্রতিদিন যত্ন করে তাদের বড় করতেন। এভাবেই একদিন একটি শুকনো পড়ে থাকা জমিকে কাঁঠাল গাছে ভরিয়ে তাক লাগিয়ে দেন।

পরিচিতি বাড়তে থাকে। স্কুলের খালি জমি থেকে বিদেশে বসবাসকারী ব্যক্তির জমি, তাঁকে ডাকা হতে থাকে কাঁঠালের বন বানানোর জন্য। জয়ন এমন সুযোগ হাতছাড়া করেননি। যত্ন করে বানিয়েছেন কাঁঠাল বন।

কেরালা জুড়ে তিনি অনেকগুলি এমন কাঁঠাল গ্রাম বানিয়ে ফেলেছেন। কোথাও ৩ একর, তো কোথাও ৪ একর তো কোথাও তার চেয়েও বেশি। যেখানে এমন জমি পেয়েছেন সেখানেই কাঁঠাল গাছে ভরিয়ে দিয়েছেন।

২৪ প্রকারের কাঁঠাল প্রজাতি তাঁর পরিচিত। নিজের কিছুটা জমি দরকার বুঝে মাঝে কিছু বছর দুবাইতে কাজও করেছেন। তারপর টাকা জমিয়ে ফিরে এসেছেন কেরালায়।

এমনিতেই কেরালায় কাঁঠালগাছের যথেষ্ট কদর। সেখানে জয়নের কাঁঠালগাছের প্রতি ভালবাসা তাঁকে এনে দিয়েছে একাধিক পুরস্কারও। তিনি কিন্তু থেমে থাকেননি। কাজ চালিয়ে গেছেন।

কাঁঠালের যত্ন করতে নিজে জমি কিনে সেখানে কাঁঠাল চারার জন্ম দিয়ে চলেছেন। সেসব কাঁঠালগাছ পরে নিয়ে গিয়ে রোপণ করছেন বিভিন্ন জায়গায়। তৈরি করছেন নতুন নতুন কাঁঠাল গ্রাম।

Show Full Article