National

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শীত আগমনের তাল কি কাটতে চলেছে বৃষ্টিতে

এখন পশ্চিমবঙ্গের আকাশ পরিস্কার। ফলে শীতের আগমন গতি বাড়িয়েছে। কিন্তু সে তাল কি কাটবে। কারণ বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপের ভ্রুকুটি।

ঘূর্ণিঝড় আকভানের জের কাটার পর এখন টানা ঝলমলে আকাশ বিরাজ করছে পশ্চিমবঙ্গ জুড়ে। ফলে দ্রুত পারদ পতনও শুরু হয়েছে। আকাশ পরিস্কার হওয়ায় উত্তুরে হাওয়ার রাস্তা পরিস্কার। যার অর্থ শীতের আগমন এখন বাধাহীন ভাবে আগুয়ান হচ্ছে।

কিন্তু এরমধ্যেই যদি ফের মেঘ করে। বৃষ্টি নামে। তাহলে শীতের এই নিরবচ্ছিন্ন আগমনে নতুন করে বাধা তৈরি হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ মানে কিন্তু এ রাজ্যের মানুষের জন্যও চিন্তার। কারণ তার প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়তেই পারে।

বঙ্গোপসাগরে কিন্তু নতুন নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহবিদেরা মনে করছেন ২৯ নভেম্বর একটি উচ্চচাপ বলয় সৃষ্টি হবে। তার পরদিন ৩০ নভেম্বর জন্ম নিতে পারে একটি নিম্নচাপ।

যা সুস্পষ্ট নিম্নচাপের চেহারা নিতে পারে ২ ডিসেম্বর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হলে তার প্রভাব সরাসরি গিয়ে পড়বে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলিতে। উপকূলে বৃষ্টি হবে এই নিম্নচাপের জেরে।

এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু ও কেরালায় সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টি হতে পারে ৩ থেকে ৯ ডিসেম্বর। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়ার কোনও পূর্বাভাস নেই।

ফলে পশ্চিমবঙ্গে তার এখনই প্রভাব পড়ার কোনও চিন্তা নেই। তবে নিম্নচাপটি সৃষ্টি হলে তার গতিবিধির ওপর নজর রেখেই আগামী পরিস্থিতি সম্বন্ধে জানাতে পারবেন আবহবিদেরা। সে সময় রাজ্যবাসীকে নজর রাখতে হবে আবহাওয়া দফতরের পূর্বাভাসের দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article