ভারতের সবচেয়ে লম্বা চুনাপাথরের গুহাপথ গেছে ৪.৭ কিলোমিটার, ভিতরে ঢুকলে অন্য জগত
ভারতের যে প্রান্তেই যাওয়া যায় চিরকাল মনে রাখার মত কিছু না কিছু তো রয়েছেই। যেমন ভারতের সবচেয়ে লম্বা চুনাপাথরের গুহা। যার গুহাপথই ৪.৭ কিলোমিটার।
ভারতের চুনাপাথরের সবচেয়ে লম্বা এই গুহার ভিতরে ঢুকলে দুনিয়া বদলে যায়। দেখে মনে হবে কেউ যেন পাথর কেটে রাস্তা তৈরি করেছে। কিন্তু তা তৈরি হয়েছে আপনা থেকেই। প্রকৃতিই এখানে যেন এক দক্ষ শিল্পীর মত পথ তৈরি করেছে গুহার অন্দরে।
এ গুহার পথ ধরে এগিয়ে যাওয়া যায় ঠিকই তবে তা সহজ কাজ নয়। তাই সাধারণভাবে গুহার মধ্যে হাঁটতে গেলে একজন পথপ্রদর্শকের দরকার পড়ে।
গুহার মধ্যে রয়েছে স্ট্যালাকটাইটস এবং স্ট্যালাগমাইটসের প্রকৃতির অপরূপ কীর্তি। এই গুহাটিতে রয়েছে বাদুড়ের উপদ্রব। হাজার হাজার বাদুড়ের বাসস্থান এই সিজু গুহা।
মেঘালয়ে বেড়াতে গেলে চারধারে চোখ জুড়িয়ে দেওয়া প্রকৃতি। তার মাঝেই রয়েছে অনেক দ্রষ্টব্য স্থান। যার একটি অবশ্যই এই সিজু গুহা। যার মধ্যে অনেক জায়গায় রয়েছে জল। সে জলে মাছও রয়েছে। রয়েছে জলের প্রাণ।
যদিও এ সব মাছের একটা বিশেষত্ব আছে। সিজু গুহার মধ্যের জলে যে মাছ থাকে তারা অন্ধ। চোখে দেখতে পায়না। এদিকে গুহার মধ্যে পাথুরে পথ অনেক জায়গায় উৎরাই চড়াইয়ে ভরা। এবড়োখেবড়ো। যাঁরা রোমাঞ্চকর পথ চলা পছন্দ করেন তাঁরা গাইডের সাহায্য নিয়ে গুহার মধ্যে প্রবেশ করতে পারেন।
আর যাঁরা গুহামুখ বা সামান্য ভিতরটা দেখে বেরিয়ে আসবেন তাঁদের জন্য গুহাটি যেমন দেখা হল তেমন আশপাশে রয়েছে অপার প্রকৃতি। দক্ষিণ গারো পাহাড়ে সিমসাং নদীর ধারে এই গুহা মেঘালয় পর্যটনের অন্যতম আকর্ষণ। এই গুহাকে স্থানীয়রা অনেকে দোবাক্কল বলেও ডাকেন।











