National

সূর্যের তেজে আলোকিত ৩ লক্ষ বাড়ি, সময়ের আগেই লক্ষ্যপূরণ করে ইতিহাস লিখল ওড়িশা

এক অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলল পড়শি রাজ্য ওড়িশা। সূর্যের তেজে আলোকিত হচ্ছে সে রাজ্যের ৩ লক্ষের ওপর বাড়ি। ২০২৭-এর আগেই লক্ষ্য পূরণ।

এ এক অনন্য নজির। ভারতের প্রথম রাজ্য হিসাবে রচনা হল ইতিহাস। নজির গড়ে সূর্যকে সাক্ষী রেখে সময়ের আগেই লক্ষ্যপূরণ করল ওড়িশা। ৩ লক্ষের ওপর বাড়ি এখন আর বিদ্যুতের ওপর নির্ভর করছেনা। তারা এখন সূর্য ঘরে রূপান্তরিত হয়ে গেছে।

এমন ৩ লক্ষ ১ হাজার ৭২০টি বাড়ি রয়েছে ওড়িশার শহর গ্রাম মিলিয়ে যেখানে বাড়ির বিদ্যুতের চাহিদা মিটছে সূর্যের তেজ থেকে। এই বাড়িগুলির ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। যা থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

রোদ থেকে তৈরি হওয়া সেই বিদ্যুতে বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাতে আলাদা করে বিদ্যুতের বিলের খরচ বহন করতে হচ্ছেনা। আবার এই সোলার প্যানেল বসাতে সেই অর্থে খরচও তেমন হচ্ছেনা। কারণ কেন্দ্র ও রাজ্য মিলিয়ে সর্বোচ্চ ১ লক্ষ ৩৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা হচ্ছে।

ফলে গৃহস্থের খরচ যদিও বা হচ্ছে তো তা যৎসামান্য। আর ছাদে এই সোলার প্যানেল একবার বসে গেলে বাড়িতে আর বিদ্যুতের সমস্যা থাকছে না।

প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা, নামে এই প্রকল্প সারা দেশেই প্রযোজ্য। অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদন ও প্রথাগত বিদ্যুতের চাহিদা কমানোর এই প্রচেষ্টায় ওড়িশাই প্রথম রাজ্য হল যেখানে ৩ লক্ষের ওপর বাড়ির ছাদে সোলার প্যানেল বসে গেল।

এই বিষয়ে ওড়িশার সকল মানুষকে সচেতন করতে সোলার রথ ঘুরছে শহরে গ্রামে। মানুষকে এই প্রকল্পের সুবিধা ও অর্থনৈতিক দিক সম্বন্ধে অবহিত করা হচ্ছে প্রচারের মাধ্যমে। মানুষকে এই প্রকল্পে যুক্ত হতে উৎসাহ প্রদান করা হচ্ছে এই সোলার রথ-এর প্রচারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article