World

বেঞ্চে বসে কাঁদতে থাকা জার্মান মহিলাকে বাচ্চাদের পার্কে ২৫০০ টাকা জরিমানা, ক্ষুব্ধ অনেকেই

বেঞ্চে বসে একাকী কাঁদছিলেন এক মহিলা। বাচ্চাদের পার্ক জুড়ে বেঞ্চ। তারই একটায় বসে কেঁদে চলা ওই মহিলাকে আড়াই হাজার টাকা জরিমানা করলেন জার্মান পুর আধিকারিকরা।

মানসিক চাপে বিধ্বস্ত। অর্থনৈতিক দিক থেকে প্রবল চাপে ছিলেন তিনি। কীভাবে কি করবেন ভেবে পাচ্ছিলেন না। নিজের সেই মানসিক যন্ত্রণা কাটাতে একাই এসে বসেছিলেন একটি পার্ক।

পার্কের একটি বেঞ্চে বসে কেঁদে চলেছিলেন অঝোরে। ঠিক সেইসময় তাঁর সামনে হাজির হন ২ পুর আধিকারিক। জিজ্ঞেস করেন একটু দূরে যে ২টি বাচ্চা খেলা করছে তারা ওই মহিলার সন্তান কিনা।

বছর ৩০-এর ওই ক্রন্দনরত মহিলা জানান তারা তাঁর সন্তান নয়। অভিযোগ তখনই ওই ২ আধিকারিক তাঁকে ২৫ ইউরো জরিমানা করেন। ভারতীয় মুদ্রায় যা ২ হাজার ৫০০ টাকার কিছু বেশি।

ঘটনাটি ঘটেছে জার্মানির গেলসেনকির্সেন শহরে। এখানে একটি বাচ্চাদের পার্ক রয়েছে। যেখানে ১৪ বছর পর্যন্ত বাচ্চারা খেলতে আসতে পারে। তাদের সঙ্গে করে তাদের অভিভাবকরা আসতে পারেন।

নিয়ম হল সঙ্গে বাচ্চা থাকলে তবেই কেউ এখানকার বেঞ্চে বসতে পারেন। ছোটরা সঙ্গে না থাকলে এখানে যে কেউ এসে বসতে পারবেননা। সেক্ষেত্রে গুনতে হবে জরিমানা।

ওই মহিলা যেহেতু একা ছিলেন তাই তাঁকে জরিমানা করা হয়। জার্মানির ডব্লিউডিআর নামে একটি সম্প্রচার মাধ্যমে এই খবরটি প্রকাশিত হওয়ার পর অনেকেই মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

যেখানে ওই ২ আধিকারিক দেখলেন যে ওই মহিলা কাঁদছেন তখন তাঁর কি হয়েছে বা তাঁর কোনও সাহায্য লাগবে কিনা তা জানার চেষ্টা আধিকারিকরা করতে পারতেন বলেই মনে করছেন অনেকে। তারপর নাহয় জরিমানার কথা বলা যেত। সেটুকু মানবিকতা দেখাতেই পারতেন ২ পুর আধিকারিক বলে মনে করছেন অনেকে।

Show Full Article