World

চিনের পিঁপড়ে কেড়ে নিল আমেরিকার ঘুম

ছোট্ট এক কীট পিঁপড়ে। সেই পিঁপড়েই ঘুম কেড়ে নিল আমেরিকার মত দেশের প্রশাসনের। ২০টি রাজ্যে সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন।

পিঁপড়ে তো সবাই দেখেছেন। তার ক্ষুদ্রতা এবং স্বল্প ক্ষমতা সম্বন্ধেও সকলে পরিচিত। পিঁপড়েকে উপেক্ষাও করে থাকেন মানুষ। কেননা তার থেকে ক্ষতির আশঙ্কা তেমন থাকেনা।

কিন্তু সেই ছোট্ট পিঁপড়ে এখন রাতের ঘুম কেড়ে নিয়েছে মার্কিন প্রশাসনের। মার্কিন মুলুকের ২০টি রাজ্যে চিনা পিঁপড়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে রাজ্যবাসীকে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে সেসব রাজ্যের প্রশাসন।

চিনের এই পিঁপড়ের প্রজাতির নাম এশিয়ান নিডল অ্যান্ট। এই প্রজাতির পিঁপড়ে আমেরিকায় হুহু করে বাড়ছে। আর সেটাই চিন্তার প্রধান কারণ।

এই পিঁপড়েগুলি নিজেদের মতই থাকে। কিন্তু যদি তারা কোনও বিপদ বোঝে তাহলে তারা কামড় দেয়। এই পিঁপড়েগুলি যে হুলের মত শরীরে প্রবেশ করিয়ে দেয় তা অনেকটা ইনজেকশনের সূচের মত।

যা শরীরে প্রবেশ করার পর একটা দীর্ঘসময়, প্রায় কয়েক ঘণ্টা ধরে সেখানে মাঝে মাঝেই যন্ত্রণা হতে থাকে। এমনকি কিছু মানুষের শরীরে একধরনের অ্যালার্জির বাড়বাড়ন্ত তৈরি করে, যা অনেকসময় প্রাণও কেড়ে নিতে পারে।

আমেরিকার নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, টেক্সাস সহ ২০টি রাজ্যে এই পিঁপড়ে এতটাই বেড়েছে যে তারা যে কোনও সময় যে কোনও মানুষকে কামড়ে দিতে পারে। যা ওই মানুষটির জন্য প্রবল যন্ত্রণার কারণ হবে।

অনেকের তো কেবল পিঁপড়ে কামড়ানো জায়গাতেই নয়, শরীরের অন্য জায়গাতেও এই যন্ত্রণা ছড়িয়ে পড়ছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এই সংবাদটি প্রকাশিত হয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *