সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা, রূপকথা নয় বাস্তবেই হচ্ছে সোনার পথ
সোনার রাস্তার ওপর দিয়ে হেঁটে যাবেন। এমনটাও কেউ ভেবেছিলেন কিনা জানা নেই। তবে এ অনেকটা রূপকথার গল্পের মত। যা এখন বাস্তবায়িত হওয়া সামান্য সময়ের অপেক্ষা।
সোনার গয়না, সোনার বিস্কুট, সোনার তাল, এমনকি সোনার টয়লেটও দেখেছেন বিশ্ববাসী। কিন্তু সোনার রাস্তা! সেটা দেখার সৌভাগ্য এখনও কারও হয়নি। কারণ এমন কিছু পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি।
রূপকথার গল্পে সোনার রাস্তার কল্পনা করা সম্ভব। বাস্তবে নয়। এমনটা যাঁরা মনে করতেন তাঁদের সেই ধারনাকে ভ্রান্ত করে এবার সোনার রাস্তা খুলে যেতে চলেছে সকলের জন্য। যেখানে ২৪ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি হচ্ছে হাঁটাচলার পথ।
যা কেবল দেখার জন্য নয়। সাজিয়ে রাখার জন্যও নয়। হাঁটাচলার জন্যও ব্যবহার হবে। সেটাও ২০২৬ সালের শেষের মধ্যেই দেখতে পাবেন বিশ্ববাসী। এমনই দাবি করেছেন দুবাইয়ের গোল্ড ডিসট্রিক্ট-এর এক আধিকারিক। যা গালফ টুডে সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এই সোনার রাস্তা মূলত পর্যটনকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। সোনা ব্যবসার ক্ষেত্রে দুবাই বিশ্বর প্রধান শহর হিসাবে পরিচিত। তাই একে অনেকে সোনার শহর বলেও ডেকে থাকেন। সেখানেই এবার তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা।
যা পর্যটকদের যেমন আকর্ষিত করবে তেমনই সোনার কেনাবেচাতেও জোয়ার আনবে বলে মনে করছেন দুবাই গোল্ড ডিসট্রিক্ট-এর আধিকারিকরা।
এখনও যা কল্পনাই। তা এবার সত্যি হতে চলেছে এটা বিশ্বের অনেক মানুষের কাছেই এক কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। সকলেই মুখিয়ে আছেন এটা দেখার জন্য যে সোনার রাস্তা কেমন দেখতে হতে পারে।











