কালাহারি মরুভূমিতে ১০০টি কুঠার, ধুধু প্রান্তরে কুঠার রহস্য ভেদ করলেন গবেষকেরা
চারধারে বালি আর বালি। প্রবল গরম। মানুষের দেখা মেলা ভার। সেখানে এক জায়গায় ১০০টি কুঠারের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। কুঠার রহস্যের কিনারাও করলেন তাঁরা।
প্রত্নতাত্ত্বিকরা যখন কালাহারির মরুভূমির মাঝে প্রত্ন নিদর্শনের খোঁজ চালাচ্ছিলেন তখন এক জায়গায় ৩০টি কুঠারের দেখা পান। কুঠারগুলি সবই পাথরের তৈরি। শুধু কুঠার নয়, তার সঙ্গে পাওয়া যায় পাথরের ছোট বড় টুকরো। যা কার্যতই পাথরের জঞ্জাল।
একটি বড় প্রস্তরখণ্ড থেকে যে পাথর কাটা হয়েছিল তারও নিদর্শন সেখানেই পাওয়া যায়। মানে একসময় সেখানে বড় পাথর থেকে কেটে নিয়ে এই কুঠারগুলি তৈরি করা হয়েছিল।
এই জায়গার আশপাশে খোঁজ চালিয়ে আরও ৭০টির মত এমন পাথরের কুঠার পাওয়া গিয়েছে। সব মিলিয়ে ১০০টি কুঠারের খোঁজ বিজ্ঞানীদের অবাক করেছে।
প্রত্নতাত্ত্বিকরা এই প্রস্তরের তৈরি কুঠারগুলি পরীক্ষার কাজ চালাচ্ছেন। মনে করা হচ্ছে ১৭ লক্ষ বছর থেকে ২ লক্ষ বছর আগে এই কুঠার তৈরি করা হয়েছিল। কারণ এইভাবে পাথরের কুঠার তৈরির প্রবণতা আফ্রিকায় ১৭ লক্ষ বছর আগে দেখা যেত। যা পরবর্তীকালে ইউরোপেও ছড়িয়ে পড়ে।
এমনকি যখন সেগুলি তৈরি করা হয়েছিল তখন যে সেখানে মরুভূমি ছিল এমনটা নাও হতে পারে। কারণ এর আশপাশে নদী বা হ্রদ থাকার নিদর্শনও খুঁজে পাওয়া গিয়েছে।
বোতসোয়ানা এবং নামিবিয়ার সীমান্তে কালাহারি মরুভূমির মাঝে ওকওয়া উপত্যকায় এই পাথরের কুঠারের খোঁজ পাওয়া গিয়েছে। যা নিয়ে আরও গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। ওই পাথরের কুঠারগুলির হাত ধরে ওই অঞ্চলের বিবর্তনের ইতিহাস আরও স্পষ্ট করে জানার চেষ্টা করছেন তাঁরা।











