ধুলোর মধ্যে হালকা হলুদ ছোপ, মাটি খুঁড়তে প্রায় দেড় কোটি টাকার মালিক এক অস্ট্রেলীয়
তিনি একটি জায়গায় মাটি খুঁড়ছিলেন। উঠে আসছিল জঞ্জাল। তারমধ্যেই মাটিতে হালকা কয়েকটা হলুদ ছোপ দেখতে পান তিনি। যা ওই অস্ট্রেলিয়ার বাসিন্দাকে কোটিপতি করে দিল।
প্রত্যন্ত অঞ্চল। সেখানেই বেশ কয়েকদিন ধরে মাটি খুঁড়ছিলেন এক ব্যক্তি। মাটির তলা থেকে বেরিয়ে আসছিল পুরনো পেরেক, ঘোড়ার নাল, এমনকি ব্যবহার হওয়া বুলেটের খোল। এছাড়াও অপ্রয়োজনীয় বা কার্যত জঞ্জাল বেরিয়ে আসছিল মাটির তলা থেকে। কিন্তু তিনি হাল ছাড়েননি। মাটির তলা পর্যন্ত দেখতে চেয়েছিলেন।
এইসব জঞ্জাল যখন বার হচ্ছিল তখন মাটি ধুলোর মধ্যে একটা হালকা হলুদ ছোপ তাঁর নজরে পড়ে। আপাত দৃষ্টিতে মামুলি। কিন্তু সেটা কি তা দেখার জন্য তিনি সেখানে মাটি খুঁড়তে থাকেন।
আর তা করতে গিয়ে তিনি মাটির তলা থেকে যা পান তা দেখে তিনি আপ্লুত হয়ে পড়েন। আস্ত একটা সোনার তাল পান তিনি। অনেকটা সুবর্ণ গোলকের মত একটি তাল। যার ওজন ১ কেজি ২০০ গ্রাম।
ওই সোনার তালটিতে কিছুটা স্ফটিক মিশ্রিত ছিল। যা বাদ দিয়ে খাঁটি সোনা রয়েছে ৯৪০ গ্রাম। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের টিবুবুরা এলাকার কাছে মাউন্ট স্টুয়ার্ট স্টেশন নামে জায়গায় মাটি খুঁড়ে এই সোনার তালটি পান ওই ব্যক্তি। যখন তিনি সেই সোনার তালটি মাটি থেকে তুলছেন তখন সে ছবি তোলা হয়। যা পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি যে সোনার তালটি পেয়েছেন বিশেষজ্ঞদের মতে সেটির মূল্য কম করে ১ লক্ষ ৫০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় ১ কোটি ৪২ লক্ষ টাকার কিছু বেশি। বিশেষজ্ঞেরা এই সোনার গোলকটির নাম দিয়েছেন ‘টিবুবুরা স্পাড’ বা টিবুবুরার আলু। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি আলোড়ন ফেলে দিয়েছে।











