World

টিকটিকির লেজ আজও খসে, ১০ কোটি বছর আগেও খসত, প্রমাণ দিল মায়ানমারের গাছের আঠা

টিকটিকির লেজ খসে যাওয়ার কথা সকলের জানা। এ অভ্যাস টিকটিকির আজকের নয়। ১০ কোটি বছর আগেও একই অভ্যাস ছিল। মায়ানমারের গাছের আঠায় পাওয়া গেল প্রমাণ।

তখন পৃথিবীর বুকে ডাইনোসররা ঘুরে বেড়াত। এমন অনেক প্রাণির বিচরণ ছিল যাদের আজ আর দেখা পাওয়া যায়না। কিন্তু প্রায় ১০ কোটি বছর আগেও টিকটিকিরা ছিল। তাদের প্রজাতি একইভাবে লেজ ফেলে পালাত। খসে যেত লেজ।

সেটা যে হত তার প্রমাণ পেলেন গবেষকেরা। ভারতের কাছেই এই প্রমাণ পাওয়া গেছে। মায়ানমারে উদ্ধার হয়েছে একটি ১৮ মিলিমিটারের জমাট গাছের আঠা। যার বয়স ৯ কোটি ৯০ লক্ষ বছর। সেই গাছের জমাট বাঁধা আঠার মধ্যে একটি জীবাশ্মের দেখা পেয়েছেন গবেষকেরা।

এই জীবাশ্ম পরীক্ষা করতে গিয়ে গবেষকেরা জানতে পেরেছেন সেটি একটি টিকটিকির লেজ। অবশ্য সে লেজ কোনও শিকারির হাত থেকে বাঁচার জন্য পালাতে গিয়ে খসে পড়ে, নাকি গাছের আঠায় সেটি আটকে যাওয়ায় টিকটিকিটি সেটি ফেলে পালায়, তা পরিস্কার নয়।

কিন্তু এটা পরিস্কার যে প্রায় ১০ কোটি বছর আগে যখন মধ্য ক্রেটেসিয়াস যুগ চলছে তখনও টিকটিকিরা ছিল এবং তাদের লেজ খসে পড়ার ঘটনা ঘটত।

৯ কোটি ৯০ লক্ষ বছর আগের এই টিকটিকির লেজটিই হল এখনও পর্যন্ত পাওয়া টিকটিকির লেজের প্রাচীনতম নিদর্শন। প্রসঙ্গত টিকটিকি শিকারির হাত থেকে বাঁচতে লেজ খসিয়ে দেয়।

এভাবে তারা নিজেদের রক্ষা করার চেষ্টা করে। সেই অভ্যাসের বিষয়টি কতটা প্রাচীন তা এই নিদর্শন থেকে বোঝা যাচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

Show Full Article