World

নিজের বাড়ি পরিস্কার করে স্ত্রীকে ৭৪ হাজার টাকার বিল পাঠালেন স্বামী

নিজের বাড়ি সাফ করার পর কোনও স্বামী স্ত্রীকে সেই পরিস্কারের জন্য পারিশ্রমিক চেয়ে বিল পাঠালেন এমন কথা কেউ শোনেননি হয়তো। এবার সেটাও ঘটল।

স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে বাস এক ব্যক্তির। তাঁদের বাড়ির কার্পেট থেকে সোফা, এমনকি মার্বেলের মেঝে, সবই পরিস্কারের দরকার ছিল। অপরিচ্ছন্নতা এমন পর্যায়ে ছিল যে তা অবিলম্বে পরিস্কার করতে হত।

সে কাজের দায়িত্ব পড়ে স্বামীর ওপর। একটি সংসার সম্পূর্ণ হয় স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায়। ২ জনকেই সাংসারিক কাজে লিপ্ত হতে হয়। ওই ব্যক্তিও পরিস্কারের কাজ শুরু করেন।

অন্য কারও বাড়ি নয়। নিজের বাড়ি সাফ করতে লেগে পড়েন। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় অবশেষে পরিস্কারও হয়। কিন্তু এখানেই শেষ নয়। এরপরই ওই ব্যক্তি স্ত্রীর কাছে একটি বিল পাঠান। বাড়ি পরিস্কারের জন্য ৭৪ হাজার টাকা পারিশ্রমিক চেয়ে দস্তুরমত বিল পাঠান স্ত্রীর কাছে।

অনেকের এখানে মনে হতেই পারে যে ওই ব্যক্তি কেমন মানুষ যে নিজের বাড়ি পরিস্কার করে স্ত্রীর কাছে পারিশ্রমিক চেয়ে বিল পাঠান? তাঁর স্ত্রীও যদি বাড়ির প্রতিটি কাজের জন্য বিল পাঠাতে থাকেন তখন কি হবে?

আপাত দৃষ্টিতে তেমন লাগলেও এক্ষেত্রে বিষয়টি ঠিক এমন ছিলনা। আসলে ওই ব্যক্তির একটি সংস্থা আছে। যাদের কাজ হল কেউ বাড়ি পরিস্কার করতে চাইলে তাদের বরাত দিতে পারেন। তাঁর সংস্থা থেকে লোকজন গিয়ে বাড়ি পরিস্কার করে দিয়ে আসবেন। তার জন্য সংস্থা বিল পাঠাবে। সে টাকা দিতে হবে গ্রাহককে।

ব্রিটেনের বাসিন্দা মার্ক হ্যাচ তাঁর সেই সংস্থার একটি বিলে ৭০০ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৭৪ হাজার টাকা চার্জ লিখে পাঠিয়ে দেন স্ত্রীর কাছে। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় মজা করে জানানো হয় তাঁদের একজন গ্রাহক বিল পাঠানো সত্ত্বেও টাকা দেননি।

এদিকে ওই বিল পেয়ে স্ত্রী উত্তরে ওই ব্যক্তিকে মনে করিয়ে দেন যে বাড়ি সাফ করেছেন সেখানে তিনি স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে বাস করেন। পুরোটাই একটা মজা। খবরটি সংবাদমাধ্যমে জায়গা করে নেওয়ায় বিষয়টি এখন তারিয়ে উপভোগ করছেন অনেকে।

Show Full Article