গাছ ভরে আছে মুদ্রায়, যথার্থই মানি ট্রি, তবে কেউ সে মুদ্রা গাছ থেকে তোলার চেষ্টা করেননা
এমন এক জায়গা রয়েছে যেখানে গাছে গাছে মুদ্রা ভরে আছে। যদিও সে মুদ্রা স্থানীয়রা কেউই তোলার চেষ্টা করেননা। তবে এই মানি ট্রিগুলি পর্যটকদের আকর্ষিত করে।
টাকার গাছ কেউ দেখেছেন কি? কথায় বলে টাকা গাছে ফলে না। পরিশ্রম করে উপার্জন করতে হয়। কিন্তু এমনও এক জায়গা আছে যেখানে গাছে গাছে ভরে আছে নানা মূল্যমানের কয়েন বা মুদ্রা। গাছ ভরে থাকে মুদ্রায়।
দেখে প্রথমেই যে শব্দটা মনে আসে সেটা হল টাকার গাছ বা মানি ট্রি। এই মানি ট্রিগুলি স্থানীয়দের কাছে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র।
এখানে গেলে একের পর এক গাছ দেখতে পাওয়া যায় যাদের কাণ্ডগুলি প্রায় পুরোটাই কয়েনে ভরে আছে। কয়েনগুলি গাছে গেঁথে দেওয়া। আর তা থিক থিক করছে গাছের গুঁড়ি জুড়ে।
ইংল্যান্ডের উত্তর ওয়েলসের গুইনেদ অঞ্চলের একটি গ্রাম পোর্টমিরিয়ন। এখানকার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলে এক আশ্চর্য দৃশ্য সকলের নজর কাড়ে। এখানে অনেক গাছের গুঁড়িই ভরে আছে ব্রিটেনের নানা মূল্যমানের কয়েনে।
প্রাচীন বিশ্বাস যে গাছের গুঁড়িতে কয়েন গেঁথে দিলে মানুষের ভাগ্য ফেরে। কোনও অসুস্থ মানুষ যদি গাছে মুদ্রা গেঁথে দেন তাহলে তাঁর রোগ গাছ নিয়ে নেয়। তিনি সুস্থ হয়ে যান। আবার কেউ যদি ওই কয়েন গাছ থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন তাহলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এই প্রাচীন বিশ্বাসের জন্য গাছের গুঁড়িগুলি কয়েনে ভরে থাকলেও কেউ একটিও কয়েন এখান থেকে নেওয়ার চেষ্টা করেননা। এই মানি ট্রি চোখে দেখতে বহু পর্যটক ওই গ্রামে ও তার আশপাশে হাজির হন। ঘুরে বেড়ান জঙ্গলে। দেখেন পরপর এমন মানি ট্রির অবাক করা কয়েন সম্ভার।












