১০০ বছর পুরনো বাড়িতে পাওয়া দুর্গন্ধযুক্ত রংয়ের ক্যানে গুপ্তধন পেলেন দম্পতি
বাড়িটার বয়স ১০০ বছর পার করে গেছে। সেই বাড়ির নিচে সিঁড়ির তলার ইটের গাঁথনির পিছনে পাওয়া গেল এক পুরনো রংয়ের ক্যান। যার মধ্যে পাওয়া গেল গুপ্তধন।
তাঁরা যে বাড়িটিতে থাকেন সেটির বয়স অনেকদিন আগেই ১০০ বছর পার করেছে। প্রাচীন বাড়ি। ফলে তার গঠনশৈলীও পুরনো। সেই বাড়ির নিচে যে গোপন কুঠুরি রয়েছে সেখানে কি আছে তা দেখার কথা মনে হয়েছিল দম্পতির।
ওই জায়গা এতই নোংরা আবর্জনায় ভরা যে সেখানে তাঁরা যেতেননা। কিন্তু সেখানে কি রয়েছে তা দেখার কৌতূহলে সিঁড়ি বেয়ে বাড়ির নিচের সেই কুঠরির কাছে পৌঁছন তাঁরা।
সেখানে পৌঁছনোর জন্য যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির তলায় তাঁরা একটি ইটের গাঁথনি দেখতে পান। যার পিছনে জঞ্জালের মধ্যে ছিল একটি রংয়ের ক্যান।
যাতে করে কোনও একসময় এ বাড়িতে রং করা হয়েছিল হয়তো। সেই ক্যানটি এতটাই নোংরা ছিল যে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওই দম্পতি ক্যানটি না খুলেই ফিরে আসেন। কিন্তু কৌতূহল যায়না।
কয়েকদিন পর ফের তাঁরা ফিরে যান সেখানে। তারপর ওই দুর্গন্ধযুক্ত ক্যানটি সাহস করে খুলে ফেলেন। আর খুলে ফেলার পর যা দেখেন তা দেখে তাজ্জব হয়ে যান।
ওই ক্যানের মধ্যে রয়েছে তাড়া তাড়া নোটের বান্ডিল। যা ১৯৭০-এর দশকের নোট। ইংল্যান্ডের ওই দম্পতি তাঁদের বাড়ির নিচের জঞ্জালের মধ্যে থাকা একটি ক্যান থেকে এভাবে গুপ্তধন পেয়ে কার্যতই অবাক এবং উৎফুল্ল।
সেখান থেকে ১ হাজার পাউন্ড পান তাঁরা। ওই বাড়িতে থাকা শুরু করার পর এই প্রথম তাঁরা ওই বাড়ির নিচের কুঠুরিতে কি আছে জানার চেষ্টা করেন। যা তাঁদের মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি উপহার দিল। নিউজউইক ম্যাগাজিনে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের নানা সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।












