সূর্যের আলো লাগে না, আজব খাবার নিয়েই বাঁচে রহস্যময় কালো ফুল
পাওয়া গেল কালো ডেভিল ফ্লাওয়ার। সূর্যালোক ছাড়াই মাটির নিচে থাকে। ছত্রাক থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে বছরের পর বছর।
প্রথম দর্শনে ফুল বলে বিশ্বাস করাই কঠিন। কালচে রঙের অদ্ভুত গঠন। চারদিকে শুঁড়ের মতো অংশ। যেন কোনও কল্পবিজ্ঞানের সিনেমার ভিনগ্রহের ছোট্ট জীব মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে এসেছে। এবার এমনই এক রহস্যময় ফুলগাছের সন্ধান পেয়েছেন গবেষকেরা।
গভীর জঙ্গলে দেখা পাওয়া নতুন এই প্রজাতির নাম থিসমিয়া ডেমোনা। অদ্ভুত চেহারার জন্য ইতিমধ্যেই একে বলা হচ্ছে ডেভিল ফ্লাওয়ার।
সবচেয়ে অবাক করা বিষয় হল সাধারণ গাছের মত এর জীবন মোটেই নয়। গাছটির অধিকাংশ অংশই লুকিয়ে থাকে মাটির নিচে। এমনকি এর শরীরে ক্লোরোফিলও নেই। অর্থাৎ সূর্যের আলো ব্যবহার করে সালোকসংশ্লেষের মাধ্যমে নিজের খাবার তৈরির ক্ষমতাই নেই এই উদ্ভিদের।
তাহলে এরা বেঁচে থাকে কীভাবে? সেখানেই শুরু আসল রহস্য। মাটির নিচে থাকা বিশেষ ছত্রাকের সঙ্গে সম্পর্ক তৈরি করে থিসমিয়া ডেমোনা। সেই ছত্রাকের কাছ থেকেই প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে বেঁচে থাকে এটি। সহজ ভাষায় বলতে গেলে, অন্য একটি জীবের তৈরি খাদ্যের উপর নির্ভর করেই চলে এই অদ্ভুত ফুলের জীবন।
গবেষকদের মতে উদ্ভিদটি অত্যন্ত বিরল। এখনও পর্যন্ত প্রকৃতিতে এমন উদ্ভিদ ৫০টিরও কম খুঁজে পাওয়া গেছে। ফলে এর বাসস্থান নষ্ট হলে পুরো প্রজাতিটিই বিপদের মুখে পড়তে পারে।
একদিকে সূর্যের আলোর প্রয়োজন নেই। অন্যদিকে প্রায় গোটা জীবন মাটির নিচে। থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গলে পাওয়া এই কালো ডেভিল ফ্লাওয়ার যেন মনে করিয়ে দিচ্ছে পৃথিবীর উদ্ভিদ জগতের বহু রহস্য এখনও অজানাই।













