হ্রদের জলের তলা থেকে উদ্ধার হল ঘোড়ায় টানা রথ, কাপ ডিশ থেকে মাটির বাসনপত্র
হ্রদ বলা হলেও এটি ছোটখাটো কিছু নয়। বিশাল জলরাশি। জলের গভীর তলদেশ থেকে উদ্ধার হওয়া ১ হাজারের ওপর জিনিসের বয়স ২ হাজার বছর।
হ্রদের জলের তলায় কি লুকিয়ে আছে তার খোঁজ চলছিল। ড্রোন উড়িয়ে আধুনিক পদ্ধতিতে জলের তলদেশ পরীক্ষা করা হচ্ছিল। এছাড়া হ্রদের তলদেশে নেমেও খোঁজ চলছিল। এটা শুরু হয়েছিল কয়েক বছর আগেই। অবশেষে সেই হ্রদের তলদেশ থেকে যা পাওয়া গেল তা অনেককেই অবাক করেছে।
প্রথম যা পাওয়া গিয়েছে তার বয়স ২ হাজার বছর তো বটেই। রোমান যুগের জিনিসপত্র। ১ হাজার ২০০টির মত জিনিস উদ্ধার হয়েছে। যারমধ্যে অনেক কিছু রয়েছে। সবচেয়ে নজর কেড়েছে ঘোড়ায় টানা রথ। যা চাকা সমেত উদ্ধার হয়েছে।
এছাড়া কাপ ডিশ রয়েছে। মাটির নানারকম জিনিসপত্র রয়েছে। তরোয়াল রয়েছে। যার হাতলটি পর্যন্ত এতদিন জলের তলায় থাকার পরও ঠিক আছে।
তবে যা যা পাওয়া গিয়েছে সব যে খুব ভাল অবস্থায় আছে তা নয়। ২ হাজার বছর ধরে জলের তলায় থাকার ফলে বেশ কয়েকটি জিনিস নষ্ট হতে বসেছে। ফলে সেগুলির অতিরিক্ত যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ প্রয়োজন।
যে হ্রদ থেকে এই সব ঐতিহাসিক জিনিসপত্র উদ্ধার হয়েছে সেটি রয়েছে সুইৎজারল্যান্ডে। সেখানকার বিখ্যাত নুশাটেল হ্রদের তলদেশ থেকে এই সব রোমান যুগের জিনিসপত্র উদ্ধার হয়েছে।
তবে যেটা গবেষকদের ভাবাচ্ছে সেটা হল এগুলি যে জাহাজে করে যাচ্ছিল সেই জাহাজটির খোঁজ জলের তলায় কোথাও পাওয়া যায়নি। অথচ সেই জাহাজে থাকা অনেক জিনিসপত্র পাওয়া গেল। জলের তলায় আরও কিছু পড়ে আছে কিনা তা খতিয়ে দেখার কাজ চলছে।












