Kolkata

বাংলার মুকুটে যুক্ত হবে নতুন পালক, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দেশের জাতীয় গানের জনক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মুকুটে যুক্ত হবে নতুন পালক।

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের পৈতৃক বাসভবনে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তারপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান বাংলায় বন্দেমাতরম মিউজিয়াম তৈরি করা হবে। এ রাজ্যে তৈরি হতে চলা এই বন্দেমাতরম মিউজিয়াম তৈরি করা হবে জাতীয় মানের কথা মাথায় রেখে। মিউজিয়াম নির্মাণের জন্য যে অর্থ বরাদ্দের কথা রাজ্য বাজেটে রয়েছে।

এমন একটি মিউজিয়াম বাংলার মাটিতে তৈরি হওয়া অবশ্যই বাংলার জন্য একটা বড় প্রাপ্তি। যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও যথাযথ সম্মান প্রদর্শন করবে।

বন্দেমাতরম কেবল একটি গান নয়, এটি স্বাধীনতা সংগ্রামী সহ দেশবাসীকে উদ্বুদ্ধ করে এসেছে। বন্দেমাতরমের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক বাসভবন থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করেছেন। তাঁকে গত বছর এখানে আসতে বাধা দেওয়া হয় বলেও জানান মুখ্যমন্ত্রী।

তৃণমূল নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টই বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ওই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তিনি কোনও চোর, ডাকাত, প্রতারকদের সম্বন্ধে আলোচনা করতে চান না।

Show Full Article