২০ টাকার মামলা চলল ৩০ বছর, অবশেষে রেহাই পেলেন ২ সরকারি কর্মী
২০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে একটি মামলা চলল ৩০ বছর। অবশেষে শীর্ষ আদালত ৩০ বছর পর ২ সরকারি কর্মীকে রেহাই দিয়েছে।
শুরু ১৯৯৬ সালে। সে সময় এক ছাত্র গিয়েছিল সরকারি অফিসে একটি ইনকাম সার্টিফিকেট নিতে। ওই ছাত্রের অভিযোগ ছিল সেই সার্টিফিকেট দেওয়ার জন্য তার কাছে ১২০ টাকা চাওয়া হয়েছিল।
ঘুষ হিসাবেই তা চাওয়া হয় বলে দাবি করেছিল ওই ছাত্র। ১০০ টাকা এক কর্মীর। ২০ টাকা এক পিওনের। ওই ছাত্র এরপর বিষয়টি অ্যান্টি-করাপশন ব্যুরোতে জানায়। সেখান থেকে একটি ফাঁদ পাতা হয়।
২টি নোটে চিহ্ন এঁকে তা ওই ছাত্রকে দেওয়া হয় টাকাগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার জন্য। ছাত্রটি ১০০ টাকা ওই কর্মীকে এবং ২০ টাকা ওই পিওনকে দিয়ে দেয় বলে দাবি করে।
তারপরই এসিবি-র আধিকারিকরা ওই পিওনের কাছ থেকে ওই নোটটিই উদ্ধার করেন। তবে ১০০ টাকার নোট ওই কর্মীর কাছে পাওয়া যায়নি। তবে ২ জনের বিরুদ্ধেই মামলা হয়। ঘুষ নেওয়ার অভিযোগে মামলা।
সেই মামলা নিম্ন আদালত, গুজরাট হাইকোর্ট হয়ে পৌঁছয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট অবশেষে ওই মামলায় ওই ২ সরকারি কর্মীকে রেহাই দিয়েছে। তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার যথেষ্ট প্রমাণ দাখিল করতে না পারা, ওই ছাত্রের বারবার বয়ান বদলকে সামনে রেখে এই রায় দেয় শীর্ষ আদালত।
পিওনের কাছে যে ২০ টাকা পাওয়া যায় তা যে তিনি ঘুষ হিসাবেই নিয়েছিলেন তারও প্রমাণ নেই। ওই পিওন আদালতে দাবি করেন পরদিন ইদ ছিল। সেই উপলক্ষে ওই ছাত্র তাঁকে ২০ টাকা দিয়েছিল।












