২২ লক্ষ পরিযায়ী শ্রমিকের মোবাইলে ঘরে ফেরার বার্তা দিয়ে এসএমএস পাঠাচ্ছে রাজ্যসরকার
ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজের জন্য পাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গের নানা প্রান্তের বাসিন্দারা। সেসব পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বার্তা দিয়ে এসএমএস রাজ্যসরকারের।
ভারতের নানা প্রান্তে রুজির টানে শ্রমিকের কাজ করতে পাড়ি দেন পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা। ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন নথিভুক্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন এ রাজ্যের যাঁরা রাজ্যের বাইরে কাজ করছেন।
এঁদের কাছে বিশেষ বার্তা দিয়ে এসএমএস পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্যসরকার। রাজ্যসরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফ থেকে এই এসএমএস প্রতিটি পরিযায়ী শ্রমিকের মোবাইলে পৌঁছে যাবে। যেখানে তাঁদের রাজ্যে ফিরে আসার, তাঁদের নিজের নিজের গ্রামে ফিরে আসার বার্তা দিচ্ছে রাজ্যসরকার।
কাজ ছেড়ে গ্রামে ফেরার বার্তাই নয়, তার সঙ্গে এ রাজ্যেই তাঁদের কর্মসংস্থানের বিষয়টিও স্পষ্ট করা হচ্ছে। রাজ্যের রুরাল জব স্কিম বা গ্রামাঞ্চলে কর্মসংস্থান প্রকল্পের আওতায় তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাবেন বলেও আশ্বস্ত করা হয়েছে। তাই রুজি ছেড়ে গ্রামে ফিরতে তাঁদের আর সমস্যা থাকবেনা।
কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন-এর আওতায় তাঁদের বাৎসরিক ১২৫ দিনের কাজ নিশ্চিত করার কথা জানানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের।
এছাড়া রাজ্যসরকারের তরফেও প্রাত্যহিক মজুরি ভিত্তিক কর্মসংস্থানের কথাও জানানো হয়েছে। এই প্রাত্যহিক মজুরি ভিত্তিক কর্মসংস্থানে অদক্ষ শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা, অর্ধ দক্ষ শ্রমিকরা দৈনিক ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকরা দৈনিক ৬০০ টাকা মজুরির কাজ পাবেন।
এসএমএস-এ কর্মসংস্থানের সুযোগ বিস্তারিতভাবে দেওয়া হচ্ছে। যাতে পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসা, তাঁদের গ্রামে নিজের বাড়িতে ফিরে আসায় আর কোনও দ্বিধা বা সংকোচ না থাকে।











