মহাকাশে মিষ্টির সন্ধান পেলেন বিজ্ঞানীরা, আকাশগঙ্গায় দেখা পাওয়া গেল শর্করার
পৃথিবীতে মিষ্টি পাওয়া যায়। কিন্তু সেই মিষ্টি বা প্রকৃত অর্থে শর্করা যে মহাকাশেও থাকতে পারে তা অনেকের কল্পনার বাইরে। এবার সেই মিষ্টির সন্ধান পেলেন বিজ্ঞানীরা।
মহাকাশে মিষ্টি। আকাশগঙ্গায় ছড়িয়ে আছে প্রচুর মিষ্টি বা শর্করা। এই প্রথম প্রকৃত অর্থেই শর্করার খোঁজ পেলেন বিজ্ঞানীরা। তাও আবার পৃথিবী থেকে বহু দূরে। এমনকি সৌরমণ্ডল থেকেও বহু দূরে মিষ্টির সন্ধান পেলেন তাঁরা।
পৃথিবী সহ সৌরমণ্ডল অবস্থান করছে মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথে। সেখানেই এক জায়গায় প্রচুর পরিমাণে শর্করা কণার সন্ধান পাওয়া গেল।
এই শর্করাকে প্রকৃত অর্থেই শর্করা বলা হচ্ছে। ইরিথ্রুলোজ নামে একধরনের ৪ কার্বন অণু দিয়ে তৈরি এই শর্করা যে মহাকাশে থাকতে পারে তার ধারনাই ছিলনা বিজ্ঞানীদের।
শর্করা জাতীয় বস্তুর খোঁজ এর আগেও গ্রহাণু বা উল্কাপিণ্ডে পাওয়া গিয়েছিল। কিন্তু এই শর্করা এবারই প্রথম নজরে পড়ল বিজ্ঞানীদের। ২টি অতি শক্তিশালী টেলিস্কোপ কাজে লাগিয়ে এই শর্করার সন্ধান পেয়েছেন তাঁরা।
মহাশূন্যকে রাসায়নিকের রান্নাঘর বলা হয়ে থাকে। সেখানেই মিল্কিওয়েতে এমন এক মহাজাগতিক গবেষণাগারের খোঁজ পাওয়া গেছে যেখানে ৩০০-র ওপর রাসায়নিকের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। সেখানেই এই শর্করা কণার সন্ধান পাওয়া গেছে।
শুধু শর্করার খোঁজ পাওয়াই নয়, এই খোঁজ আবার একবার প্রমাণ করল যে অনন্ত মহাশূন্যে প্রাণের উপাদানের অভাব নেই। প্রাণের অন্যতম প্রধান উপকরণের এভাবে মহাকাশে ছড়িয়ে থাকার মানে পৃথিবী ছাড়াও অন্যত্র প্রাণের সৃষ্টি হতেই পারে।
এভাবে মহাকাশে প্রকৃত অর্থে শর্করার খোঁজ পাওয়া অভাবনীয় বলেই ব্যাখ্যা করছে বিজ্ঞানী মহল। নেচার অ্যাস্ট্রোনমি-তে এই শর্করার সন্ধান সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়েছে।