SciTech

এক আঘাতেই বদলে গেল পুরো চাঁদ, রহস্যের কেন্দ্রে ৩২০ মিটারের গ্রহাণু

একটিমাত্র গ্রহাণুর আঘাতেই কি বদলে গিয়েছিল পুরো চাঁদটি। গবেষণায় মিলল চমকপ্রদ ও নতুন রহস্যময় সূত্র।

এক আঘাতে বদলে গেল পুরো চাঁদ। মঙ্গলের ছোট্ট উপগ্রহ ডিমোসকে ঘিরে এবার সামনে এসেছে এমনই চমকে দেওয়ার মতো এক সম্ভাবনা।

ডিমোসকে দেখলে মনে হয়, এটি যেন ধুলোয় ঢাকা শান্ত, নিস্তরঙ্গ এক পাথুরে জগত। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এর বর্তমান চেহারার পিছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়ংকর মহাজাগতিক সংঘর্ষ।

সুইৎজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কম্পিউটার সিমুলেশন করে দেখেছেন, প্রায় ৩২০ মিটার চওড়া একটি গ্রহাণু একসময় ডিমোসে তির্যক কোণে আঘাত করে থাকতে পারে। আর সেই একটিমাত্র অভিঘাতই হয়ত তৈরি করেছে তার দক্ষিণ অংশের বিশাল খোঁদল।

কিন্তু আসল চমক আরও বড়। ডিমোসের পৃষ্ঠ অস্বাভাবিকভাবে মসৃণ এবং ধুলোয় ভরা। এত ধুলো এল কোথা থেকে? গবেষকদের ধারনা, গ্রহাণুর আঘাতে ডিমোসের মাটি ও পাথর প্রবল গতিতে উপরে ছিটকে যায়।

পরে সেই ধ্বংসাবশেষের বড় অংশ আবার ফিরে এসে পুরো চাঁদের পৃষ্ঠের উপর ছড়িয়ে পড়ে। অর্থাৎ একই ঘটনার ফলে একদিকে তৈরি হয়েছে বিশাল গর্ত, অন্যদিকে ধুলোয় ঢেকে গেছে প্রায় গোটা ডিমোস।

ইএসএ-র মহাকাশযানের পর্যবেক্ষণও ইঙ্গিত দিচ্ছে, ডিমোসের বাইরের স্তর দুর্বল এবং ভিতরের অংশ ছিদ্রযুক্ত হতে পারে। তাই এত বড় আঘাতের পরেও সেটি পুরোপুরি ভেঙে পড়েনি।

তাহলে কি কোটি কোটি বছর আগে মাত্র কয়েক মুহুর্তের একটি সংঘর্ষই বদলে দিয়েছিল পুরো ডিমোসকে? আজকের শান্ত চাঁদটির গায়ে হয়ত এখনও লুকিয়ে রয়েছে সেই ভয়ংকর আঘাতের দাগ।

Show Full Article