National

রাজধানী এক্সপ্রেসে আগুন, আরপিএফ-এর তৎপরতায় ৬৮ যাত্রীকে উদ্ধার

রবিবাসরীয় সকালে ঘুম থেকে উঠেই খারাপ খবর পেলেন দেশবাসী। আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে। আগুনের শিখা অনেক উপরে উঠে যায়।

রবিবার সকাল। রাজধানী এক্সপ্রেস ছুটছিল তার গন্তব্যে। এই সময় আচমকা বি১ কামরায় ধোঁয়া দেখা যায়। দেখা যায় আগুন ধরেছে কামরায়। আগুনের শিখা স্পষ্ট নজর কাড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন দ্রুত ছড়াতে থাকে।

পাশের এসএলআর লাগেজ ব্রেক ভ্যানও আগুনের গ্রাসে এসে পড়ে। সময় নষ্ট করেননি আরপিএফ কর্মীরা। তাঁরা এতটুকু সময় নষ্ট না করে বি১ কামরা থেকে যাত্রীদের সুরক্ষিতভাবে সরাতে শুরু করেন। কাজটা এতটাই দক্ষতা ও দ্রুততার সঙ্গে তাঁরা করেন যে ৬৮ জন যাত্রীকে সরাতে আরপিএফ কর্মীরা খুব একটা সময় নেননি।

ফলে যাত্রীরা বড় ধরনের কোনও সমস্যায় পড়েননি। আগুন তাঁদের গ্রাস করতে পারেনি। তবে কামরা সম্পূর্ণ জ্বলে গেছে। যাত্রীদের রক্ষা করার ক্ষেত্রে এবং আগুন আরও ছড়িয়ে পড়া রুখে দিতে ট্রেনের গার্ডেরও বড় ভূমিকা রয়েছে।

প্রবল গতিতে ছুটে চলা রাজধানীর গার্ডের নজরে আগুনের শিখা পড়তেই তিনি ট্রেন চালককে জানান। ট্রেন চালক সময় নষ্ট না করে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনটি চলতে থাকলে আগুনও দ্রুত ছড়াত, যাত্রীদের সুরক্ষিতভাবে সরিয়ে আনাও মুশকিল হত।

দিল্লিমুখী তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসটিতে যখন আগুন লাগে তখন ভোর সাড়ে ৫টা। তখন সেটি কোটা ডিভিশনের লুনি রিছা এবং বিক্রমগড় স্টেশনের মাঝে ছিল।

কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন ছড়িয়েছে। রেলের তরফে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article