Business

ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, ৫ দিনে ২ বার বাড়ল দাম

৫ দিন আগেই পেট্রোল, ডিজেলের দাম বেড়েছিল। ৫ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই বৃদ্ধি।

ফের পেট্রোল, ডিজেলের দাম বাড়ল। গত ১৫ মে লিটারে ৩ টাকা করে বেড়েছিল পেট্রোল, ডিজেলের দাম। ১৯ মে পৌঁছে মাত্র ৫ দিনের ব্যবধানে ফের বাড়ল দাম। এত কম সময়ের ব্যবধানে ২ বার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির কারণ হিসাবে তেল সংস্থাগুলির তরফে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকে তুলে ধরা হয়েছে। এদিন পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৬ পয়সা বেড়েছে। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮৩ পয়সা।

গত ১৫ মে পেট্রোল, ডিজেলের যে দাম বৃদ্ধি হয়েছিল তা হয়েছিল ৪ বছর পর। মধ্যপ্রাচ্যে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরেই বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম চড়ছে।

সে কারণেই তেল সংস্থাগুলি দাম বৃদ্ধি করেছে বলে জানা গেছে। এরফলে দেশের রাজধানীতে পেট্রোল, ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৯৮ টাকা ৬৪ পয়সা এবং ৯১ টাকা ৫৮ পয়সা।

মধ্যপ্রাচ্যের সমস্যা শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজের আনাগোনা নিয়ে জটিলতার জেরে বিশ্ব বাজারে তেলের দাম নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিশ্ব বাজারে প্রায় ৫০ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম। যার প্রভাব এসে পড়েছে ভারতের ওপরও।

প্রসঙ্গত কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে তেল বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন। পরিস্থিতি যে জটিল তা তাঁর বক্তব্য থেকেই পরিস্কার ছিল।

দেশবাসীকে এখন প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তেল বাঁচানোর দিকে আরও বেশি জোর দিতে হবে। অন্তত যেভাবে তেলের দাম বাড়তে শুরু করেছে তাতে সকলের তেল বাঁচানো নিয়ে সচেতন হওয়া ছাড়া উপায় নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article