বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে ১২ বছরে বৃদ্ধি আড়াই গুণ, বিশ্ব তালিকায় ৪ নম্বরে ভারত
বিদ্যুৎ উৎপাদনের চিরাচরিত পথ ছেড়ে এখন অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনে উৎসাহ বাড়ছে। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন। ১২ বছরে বৃদ্ধি আড়াই গুণ।
যেসব ফাঁকা খোলামেলা জায়গায় হাওয়ার গতি বেশ ভাল সেখানে উইন্ডমিল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন অনেকদিন আগেই দেখা গিয়েছে। কিন্তু সেই বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন ভারতে গতি পেয়েছে গত ১২ বছরে।
যেখানে ১২ বছর আগে ভারতে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন হত ২১ গিগাওয়াট, সেখানে এখন বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৫৯.২০ গিগাওয়াটে। মাত্র ১২ বছরে বায়ু বিদ্যুতের উৎপাদন বেড়েছে আড়াই গুণ।
শুধু তাই নয়, ভারতে যত প্রকারের অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে তারমধ্যে বায়ু বিদ্যুতের অবদান এখন ১৯.৮ শতাংশ। প্রসঙ্গত ভারতে এখন অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২৯৯.২৫ গিগাওয়াট।
কেবল বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের নিরিখে ভারত এখন বিশ্বে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। বিশ্বজুড়েই চিরাচরিত বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। অনেক দেশেই বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন ফাঁকা ও হাওয়া খেলা জায়গায় উইন্ডমিল বসানো হয়েছে।
ভারত ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। আর তা বাস্তবায়িত করতে যাবতীয় উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।
ভারতে এখন সবচেয়ে বেশি বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদিত হয় রাজস্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। তৃতীয় মহারাষ্ট্র। তারপর রয়েছে যথাক্রমে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











