SciTech

গরমেই ফিকে হচ্ছে নীল প্রজাপতি, যে নীল আসলে রংই নয়

নীল প্রজাপতির নীল আসলে রঞ্জক নয়, গরমে বদলাচ্ছে ডানার কাঠামো, ফলে ক্রমশ ম্লান হচ্ছে তার বিখ্যাত ঝলমলে নীল আভার তীব্রতাও।

প্রজাপতির ডানায় যে ঝলমলে নীল রং দেখে সকলে মুগ্ধ হন, সেটি যদি আসলে কোনও নীল রঞ্জকই না হয়? অবাক করার মতো হলেও নীল প্রজাপতির ক্ষেত্রে ঠিক সেটাই সত্যি।

এই প্রজাপতির ডানার উজ্জ্বল নীল রং তৈরি হয় কোনও রঞ্জক থেকে নয়, বরং ডানার উপর থাকা অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক কাঠামোর কারণে।

ডানার আঁশগুলির ভিতরে থাকা অতি সূক্ষ্ম কাঠামো এমনভাবে আলো প্রতিফলিত করে, যাতে মানবচক্ষে চোখে তৈরি হয় চকচকে, প্রায় ধাতব নীল আভা। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কাঠামোগত বর্ণ। কিন্তু এবার গবেষকেরা দেখেছেন, তাপমাত্রা বেড়ে গেলে এই অসাধারণ প্রাকৃতিক কৌশলও বদলে যেতে পারে।

পানামার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নীল প্রজাপতিকে বিভিন্ন তাপমাত্রায় বড় করা হয়েছিল। দেখা যায়, তুলনামূলক বেশি গরম পরিবেশে বেড়ে ওঠা প্রজাপতির ডানা কম উজ্জ্বল এবং কম ঝলমলে হয়েছে।

শুধু মানুষের চোখেই নয়, গবেষণায় দেখা গেছে পাখির মতো শিকারি প্রাণি এবং অন্য প্রজাপতিরাও এই পার্থক্য বুঝতে পারে। অর্থাৎ রঙের এই পরিবর্তন তাদের সঙ্গী নির্বাচন, যোগাযোগ কিংবা শিকারির চোখ এড়ানোর ক্ষমতাতেও প্রভাব ফেলতে পারে।

গবেষকদের ধারনা, অতিরিক্ত তাপে ডানার আঁশগুলির অতি সূক্ষ্ম কাঠামোর মধ্যেকার সূক্ষ্ম দূরত্ব বদলে যাচ্ছে। ফলে আলো আগের মত প্রতিফলিত হচ্ছেনা। তাই জলবায়ু উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের নীল প্রজাপতি কি ধীরে ধীরে হারাবে তার বিখ্যাত নীল ঝলক, উঠছে প্রশ্ন।

Show Full Article