মরুভূমির মাঝে জলহস্তীর খোঁজ, হ্রদ এবং সবুজের মাঝে থাকত মানুষ, বদলাল আরবের ইতিহাস
যতদূর চোখ যায় শুধুই শুকনো মরু প্রান্তর আর অনন্ত বালি। তার মাঝেই জলহস্তীর খোঁজ পাওয়া গেল। সেখানেই হ্রদের জলের পাশে সবুজে ভরা জায়গায় বাস করত মানুষও।
বালির প্রান্তর। একফোঁটা বৃষ্টি নেই। শুধুই শুকনো গরম। এখানে দূর দূর পর্যন্ত মানুষের বসবাস নেই। থাকার উপযুক্ত আবহাওয়াও নয়। এখানে যতদূর চোখ যায় শুধুই মরুভূমি। সেখানে একটি জলহস্তীর দাঁতের খোঁজ পাওয়া অবাক করে দেয় বিজ্ঞানীদের।
সৌদি আরবের দক্ষিণে অবস্থিত রব আল খালি মরুভূমিতে খোঁজ চালাতে গিয়ে এই জলহস্তীর দাঁতই প্রথম বিজ্ঞানীদের ভাবায়। শুরু হয় গবেষণা। আর তাতে যে তথ্য সামনে এল তা সৌদি আরবের মানুষকেও অবাক করে দিয়েছে।
মরুভূমির দেশ বলেই খ্যাত সৌদি আরবের এই মরু প্রান্তর সবসময় এমন শুকনো গরম বালির প্রান্তর ছিলনা। সেখানে টলটল করত একটি হ্রদ। যার জলের ধারে ছিল প্রচুর সবুজ। অনেক গাছপালা। হ্রদে জলহস্তীরা থাকত। আশপাশের ঘাস জমিতে ঘুরে বেড়াত মোষ সহ অন্য অনেক প্রাণি।
এখানে মানুষেরও বাস ছিল। কারণ এখানে খোঁজ করতে গিয়ে প্রচুর পাথরের অস্ত্রের খোঁজ পেয়েছেন গবেষকেরা। যা এখানকার মানুষের শিকারের কাজে লাগত।
এমনই এক জল এবং সবুজে ভরা স্থান কালক্রমে মরুভূমির আকার নেয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ১ লক্ষ ২৫ হাজার বছর আগেও এখানে হ্রদ ছিল। সবুজ ছিল।
জলহস্তীর দাঁত সৌদি আরবের ইতিহাসে এক নতুন অধ্যায় জুড়ে দিতে সাহায্য করল। মিষ্টি জলের হ্রদ, অন্যান্য প্রাণির বাস, মানুষের অবস্থান, গাছপালা এক অন্য জগতের চিহ্ন বহন করছে। যা এখনকার চেনা সৌদি আরবের বালির প্রান্তরের থেকে একদম আলাদা।











