পৃথিবীতে মোট কটা বাড়ি আছে, এই প্রথম জানা গেল সংখ্যা
পৃথিবীতে কটা বাড়ি রয়েছে। সেই সংখ্যা এই প্রথম গোনা সম্ভব হল। গ্রাম ও শহর মিলিয়েই মোট বাড়ির সংখ্যা গোনা হয়েছে। কাজে লাগানো হয়েছে উন্নত ত্রিমাত্রিক প্রযুক্তি।
পৃথিবীতে সব মানুষই কোথাও না কোথাও থাকেন। সে শহর হতে পারে বা গ্রাম, বাসস্থান বিলাসবহুল অট্টালিকা হতে পারে, ছোট বাড়ি অথবা আবাসন, আবার ছোট টালি বা খড়ের চালার ঘরও হতে পারে।
এতদিন পৃথিবীর সব মানুষের সংখ্যা গোনা হয়েছে। জনগণনা হয়েছে। কিন্তু পৃথিবীতে মোট কটা বাড়ি রয়েছে সে সংখ্যা অজানাই ছিল। এবার সেই সংখ্যা প্রথমবারের জন্য সামনে এল। যা প্রচুর কৃত্রিম উপগ্রহ চিত্রকে কাজে লাগিয়ে তৈরি একটি ত্রিমাত্রিক মানচিত্রের হাত ধরে সম্ভব হয়েছে।
কাজটা সহজ ছিলনা। তবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ-এর গবেষকেরা এটা সম্ভব করেছেন। পৃথিবীর মোট বাড়ির সংখ্যা টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ-এর গ্লোবালবিল্ডিংঅ্যাটলাস-এ প্রকাশিত হয়েছে। যা এখন পৃথিবীর সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
৫টি মহাদেশের প্রতিটি শহর ও গ্রাম মিলিয়ে খতিয়ানটি তৈরি হয়েছে। যাতে দেখা গেছে এখন পৃথিবীতে মোট বাড়ির সংখ্যা ২.৭৫ বিলিয়ন। সহজ করে বললে ২৭৫ কোটি বাড়ি রয়েছে পৃথিবীতে।
পৃথিবীতে কটা বাড়ি আছে সে সংখ্যা সামনে আসার পর অনেকেই অবাক হয়েছেন। বিভিন্ন আকার ও আয়তন মিলিয়ে এই বাড়ির সংখ্যা আগামী দিনে হয়তো নিয়মিত এবার থেকে জানার চেষ্টা হবে।
তবে এই প্রচেষ্টা ইতিহাস হয়ে রয়ে গেল। প্রযুক্তিকে কাজে লাগিয়েই এই লক্ষ্য পূরণ সম্ভব হল গবেষকদের। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।











