National

অর্ণব আসছে, ৪৮ হাজার মানুষকে সরাল ওড়িশা, বাতিল ৬১টি ট্রেন

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব ক্রমশ এগিয়ে আসছে স্থলভাগের দিকে। অন্ধ্রপ্রদেশ দিয়ে স্থলভাগে প্রবেশের কথা। তবে লাগোয়া রাজ্য ওড়িশা ইতিমধ্যেই ৪৮ হাজার মানুষকে সরিয়ে নিয়ে গেছে।

অর্ণব আছড়ে পড়ার আগে তার ধ্বংসলীলা থেকে মানুষকে রক্ষা করতে সবরকম চেষ্টা চালাচ্ছে ওড়িশা সরকার। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে ইয়ানাম দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড়।

তবে তার প্রভাব থেকে মুক্তি পাবেনা ওড়িশা। তাই ওড়িশাতেও আগাম প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই ৪৮ হাজার মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৪৬৬টি বন্যা ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। এদিকে অর্ণবের কথা মাথায় রেখে সাউথ কোস্টাল রেলওয়ে ৬১টি ট্রেন বাতিল করেছে।

ওড়িশার মালকানগিরি দিয়ে অর্ণব সে রাজ্যে প্রবেশ করবে। তাই মালকানগিরিতে ক্ষয়ক্ষতি হবে সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। ঝড় তো হবে। তার সঙ্গে প্রবল বৃষ্টিপাত অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।

অতি ভারী বৃষ্টি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। ওড়িশার মানুষকে অর্ণবের প্রভাব থেকে যতটা সম্ভব রক্ষা করতে যাবতীয় পদক্ষেপ করছে ওড়িশা সরকার। ঘূর্ণিঝড় মোকাবিলার সবরকম বন্দোবস্তের পাশাপাশি সমুদ্রের ওপর অবস্থানরত অর্ণবের গতিপ্রকৃতির দিকেও নজর রাখছেন আবহবিদেরা।

অর্ণবের প্রভাব থেকে বাংলাও রেহাই পাবেনা। অন্ধ্রপ্রদেশ বা ওড়িশার মত অবস্থা না হলেও পশ্চিমবঙ্গ জুড়েই বুধ, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হবে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইবে। বদলে যাবে আবহাওয়া।

পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। উপকূলবর্তী জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article